ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডি মারিয়া ফেরায় ১২ বছরের নিষেধাজ্ঞা কাটলো আর্জেন্টিনা সমর্থকদের

ডি মারিয়া ফেরায় ১২ বছরের নিষেধাজ্ঞা কাটলো আর্জেন্টিনা সমর্থকদের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ১৮:১৫

১২ বছর পর শেষ হলো আর্জেন্টিনার ক্লাব ফুটবলে ‘অ্যাওয়ে’ সমর্থকদের নিষেধাজ্ঞা। প্রতিপক্ষ দলের মাঠে গিয়ে সমর্থকদের খেলা দেখা এখন আর নিষিদ্ধ নয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

২০১৩ সালে এক সহিংস ঘটনার জেরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল এএফএ। একটি ম্যাচ চলাকালে এক দর্শকের মৃত্যুর পরই অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা ঐতিহাসিক এক দিন। আজ থেকে অ্যাওয়ে গ্যালারিতে সমর্থকদের ফেরা নিশ্চিত হলো।’ তিনি আরও জানান, বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাবে ফেরায় দেশজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, সেটাও এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ভূমিকা রেখেছে।’

৩৭ বছর বয়সী ডি মারিয়া সম্প্রতি বেনফিকা ছেড়ে শৈশবের ক্লাবে ফিরেছেন। রোজারিওর হয়ে দ্বিতীয় অধ্যায়ের শুরুতে গোলও করেছেন তিনি। তার ফেরাকে কেন্দ্র করে আর্জেন্টিনা জুড়ে ফুটবল উন্মাদনা তৈরি হয়। যা কিনা এই নিষেধাজ্ঞা তোলার পেছনে একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

নিষেধাজ্ঞা তোলার পর প্রথম ম্যাচেই অ্যাওয়ে গ্যালারিতে বসতে পারবেন রোজারিও সেন্ট্রালের সমর্থকেরা। আগামী শনিবার লানুসের বিপক্ষে তাদের ম্যাচটি হবে লানুসের নেস্তর দিয়াজ পেরেজ স্টেডিয়ামে। সেখানে ৬ হাজার ৫০০ রোজারিও সমর্থক কঠোর নিরাপত্তায় গ্যালারিতে প্রবেশের সুযোগ পাবেন।

রোজারিও সেন্ট্রালের সভাপতি গঞ্জালো বেলোসো সমর্থকদের মাঠে শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে বুয়েনস এইরেসের নিরাপত্তামন্ত্রী হাভিয়ের আলোনসো বলেন, ‘আগে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি চাই না। আমাদের সহিংস সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ফুটবলকে পরিবারকেন্দ্রিক আনন্দে পরিণত করতে হবে।’

আরও পড়ুন

×