ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অঘোষিত ফাইনালের আগে সাগরিকায় উজ্জীবিত মেয়েরা

অঘোষিত ফাইনালের আগে সাগরিকায় উজ্জীবিত মেয়েরা
×

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ১১:৫২

দুই দলই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে। তবে বাংলাদেশের চেয়ে বেশি গোল করেছে নেপাল। সমান চারটি করে গোল হজম করেছে তারা। নেপাল গোল করেছে ৩০টি, বাংলাদেশ করেছে ২৪টি। গোল পার্থক্যে নেপাল ‍+২৬‍ আর বাংলাদেশ ‍+২০। কিন্তু জয়ের দিক দিয়ে আফঈদা খন্দকার-স্বপ্না রানীরা শতভাগ জিতেছেন। নেপাল একটি ম্যাচ হেরেছে এই বাংলাদেশের কাছেই। 

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ, সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া নেপালের অবস্থান দুই নম্বরে। নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে বাংলাদেশের প্রয়োজন স্রেফ ১ পয়েন্ট অর্থাৎ ড্র। আর নেপালকে জিততেই হবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দলের আজকের লড়াইকে অনেকে অঘোষিত ফাইনাল বলে আখ্যায়িত করেছেন। সেই ফাইনাল ম্যাচে মোসাম্মৎ সাগরিকাকে পেয়ে উজ্জীবিত বাংলাদেশের মেয়েরা। বয়সভিত্তিক নারী সাফের রাউন্ড রবিন লিগে বাংলাদেশ-নেপালের মধ্যকার লড়াইটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

১৩ জুলাই এই নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ফরোয়ার্ড সাগরিকা। এরপর সাউথ এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা তাঁকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিলেন। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ শুরু থেকেই সাগরিকার খেলাটা অনেকটা নিশ্চিত। নেপালের বিপক্ষে প্রথম দেখায় শেষ মুহূর্তের গোলে জয়ের হাসি পিটার বাটলারের দল। পরের ম্যাচগুলোতে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশ কোচ। জাতীয় দলে খেলা ফুটবলারদের প্রায় সবাইকে বিশ্রাম দিয়ে প্রয়োজনে বদলি হিসেবে খেলিয়েছেন বাটলার। সর্বশেষ তিন ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও সোমবার যে শক্তিশালী দলকে মাঠে নামাবেন, তিনি তা অনেকটা নিশ্চিত। কারণ নেপালের কাছে হারলে শিরোপাও হাতছাড়া হয়ে যাবে লাল-সবুজের দলটির।

কাগজে-কলমে সাফের এই আসরে নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সেই এগিয়ে থাকাটা মাঠেও প্রমাণ করতে চায় মেয়েরা। দলের ম্যানেজার মাহমুদা আক্তারের কাছে এ ম্যাচটির গুরুত্ব অনেক, ‘কালকের (সোমবার) ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। নেপাল-বাংলাদেশ আর বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই টান টান উত্তেজনা। যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি, আশা করছি শেষটাও ভালোটা দিয়েই করব। নেপালের ম্যাচটি দেশবাসীকে উপহার দিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন শেষ হাসিটা হাসতে পারি।’

বৃষ্টির কারণে কিংস অ্যারেনা খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল। ১৫ জুলাই বাংলাদেশ-ভুটান ম্যাচের প্রথম ভাগ হয়েছিল কিংস অ্যারেনায় বাকি অর্ধেক হয় বসুন্ধরার অনুশীলন ভেন্যুতে। সেই ম্যাচসহ মোট ছয়টি ম্যাচ হয়েছে ট্রেনিং গ্রাউন্ডে। আজ বিকেল ৩টায় শ্রীলঙ্কা-ভুটান এবং রাতে বাংলাদেশ-নেপাল ম্যাচ হবে কিংস অ্যারেনায়। এই কয়েক দিন খেলা না হওয়ায় কিংস অ্যারেনার মাঠে অনেক পরিচর্যা করা হয়েছে।

আরও পড়ুন

×