ভারতের কোচ হতে আগ্রহী জাভি, সামর্থ্য নেই ফেডারেশনের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ | ২০:১২ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ | ২০:২৬
ভারত জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নতুন মুখ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। মানোলো মার্কুয়েজের বিদায়ের পর এ পদের জন্য আবেদন আহ্বান করেছিল সংস্থাটি। সেই তালিকায় এক চমক নিয়ে আসে স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজের নাম।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাভি নিজেই তার ব্যক্তিগত মেইল আইডি থেকে এআইএফএফ-এ আবেদন পাঠান। যদিও তার আবেদনপত্রে যোগাযোগ নম্বর উল্লেখ ছিল না। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের জাতীয় দলের পরিচালক সুব্রত পাল। তিনি জানান, ‘হ্যাঁ, আবেদনকারীদের তালিকায় জাভির নাম ছিল। ফেডারেশনের কাছে একটি মেইল এসেছে তার পক্ষ থেকে।’
জাভির পাশাপাশি আবেদনকারীদের তালিকায় ছিলেন ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন, লিভারপুলের সাবেক ফুটবলার হ্যারি কিউয়েল এবং ভারতীয় কোচ খালিদ জামিলসহ আরও অনেকে।
তবে টেকনিক্যাল কমিটি শেষ পর্যন্ত জাভির আবেদন বিবেচনায় আনেনি। কারণ আর্থিক বিষয়। ভারতের ফুটবলে জাভিকে আনার জন্য বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন, যা ব্যয় করা এআইএফএফের পক্ষে সম্ভব নয়। বিষয়টি নিয়ে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির এক সদস্য বলেন, ‘ধরে নিই জাভি সত্যিই আগ্রহী এবং আমরা তাকে রাজি করাতে পারতাম। কিন্তু তাকে আনার জন্য যে পরিমাণ অর্থ লাগবে, তা জোগাড় করা আমাদের সাধ্যের বাইরে।’
২০১৯ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান জাভি। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ের পাশাপাশি বিভিন্ন লিগে একাধিক শিরোপা জয় করেন তিনি। এরপর কোচিংয়ে সাফল্য পেয়েছেন তিনি। ২০১৯ সালে অবসর নেয়ার পর কোচিং ক্যারিয়ারেও সফলতা পান জাভি। বার্সেলোনাকে ২০২৩ সালে সুপার কোপা ও ২০২২-২৩ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন করতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
- বিষয় :
- জাভি হার্নান্দেজ
- ভারত
