ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফুটসালের তারকা খুঁজবেন ইরানি কোচ সাঈদ

ফুটসালের তারকা খুঁজবেন ইরানি কোচ সাঈদ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ১১:২৮ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ১২:০২

আন্তর্জাতিক অঙ্গনে তো দূরের কথা, ফুটসালের ঘরোয়া কোনো প্রতিযোগিতা সেভাবে হয়নি বাংলাদেশে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফুটসাল নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। ট্রায়াল দেওয়া ৬৩০ জনের মধ্য থেকে ৫৩ জনকে চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই খেলোয়াড়দের মধ্য থেকেই গঠন করা হবে বাংলাদেশ ফুটসাল টিম। সেই দল গঠনের জন্য এবং ফুটসাল বিশ্বে পরিচিত হওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়োগ দিয়েছেন ১৩ বারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন ইরানের সাঈদ খোদারাহমিকে। 

দায়িত্ব নিতে আসা সাঈদ গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের স্বপ্নের কথা শুনিয়েছেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এজন্যই এসেছি। মিয়ানমারে যখন দায়িত্ব নিয়েছিলাম, একই অবস্থায় ছিল। পাঁচ বছর পর তাদের অবস্থার উন্নতি হয়েছে।’

দেশে ফুটসালের কোনো স্টেডিয়াম নেই। আপাতত বাফুফের ভরসা মিরপুর ইনডোর ও হ্যান্ডবল স্টেডিয়ামে। ফুটসালে বাংলাদেশের দুরবস্থার কথা ভালো করেই জানা ইরানি কোচের। ইরানে ফুটসাল কতটা জনপ্রিয়, সেটা উঠে এসেছে তাঁর কণ্ঠে, ‘ইরানে ফুটসাল শুরু হয়েছে ৩৫ বছর আগে। এখানে অনেক স্টেডিয়াম আছে। আমার শহর ইস্পাহানে হাজারের বেশি স্টেডিয়াম আছে। প্রতিটি গ্রামে একটি ফুটসাল স্টেডিয়াম আছে। ছেলে-মেয়ে সবাই ফুটসাল খেলে। আমার চেষ্টা থাকবে বাংলাদেশের ফুটসালে উন্নতি করা।’

ফুটসালে বেশ অভিজ্ঞ সাঈদ। এক যুগের বেশি সময় এএফসির ফুটসাল ইন্সট্রাক্টর হিসেবে আছেন। মিয়ানমার জাতীয় নারী ও পুরুষ ফুটসাল দলের কোচ ছিলেন পাঁচ বছর। দেশটির র‍্যাংঙ্কিং কমিয়ে এনেছিলেন। বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যেতে চান সাঈদ, ‘আপনাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে কাজ করেছি। সেখানেও একই কথা বলেছি। দয়া করে সবাই সমর্থন করবেন। হয়তো আমি কোনো সময় ভুল করব। তবে আমাকে জানাবেন। খুশি হব। আমাকে ভালো বলার দরকার নেই। উন্নতির জন্য সমর্থন করবেন, ধ্বংস করার জন্য নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। ২০২৬ সালকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা শুরু হচ্ছে।’

এএফসি ফুটসাল বাছাইয়ের অভিষেকের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ইরান, স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে তাদের। এই আসরটি বাংলাদেশের জন্য কঠিন। তবে সাঈদের চাওয়া ফুটসাল ছড়িয়ে পড়ুক দেশব্যাপী, ‘আপনার দেশে ১৬ কোটির বেশি মানুষ আছে। শুধু ঢাকায় নয়, অন্যান্য জেলায়ও। আমরা অন্য জেলাগুলোকে ভুলে যেতে পারি না। কারণ আমার পরিকল্পনা এবং সভাপতির পরিকল্পনা  সারা দেশের জন্য। হতে পারে বাংলাদেশের কোথাও তারকা খেলোয়াড় আছে। আমাদের একসঙ্গে সেই খেলোয়াড় খুঁজতে হবে। কারণ ভালো ফলাফলের জন্য তারকা খেলোয়াড় থাকাটা গুরুত্বপূর্ণ। সাধারণ খেলোয়াড় দিয়ে হয় না। কিন্তু প্রতিভাবান খেলোয়াড় কীভাবে খুঁজে বের করবেন? আপনাকে একটি শক্তিশালী লিগ গড়ে তুলতে হবে। সব জেলায়, সব অঞ্চলে স্টেডিয়াম দরকার। আমার ধারণা মিডিয়া খুব শক্তিশালী। মিডিয়া দেশের জন্য অনেক কিছু করতে পারে।’

আরও পড়ুন

×