ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

লিপুর প্যানেলে যোগ হতে পারেন শিপন

লিপুর প্যানেলে যোগ হতে পারেন শিপন
×

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ১৩:৪৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ | ১৪:২২

জাতীয় দল নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা তিনজনে উন্নীত করার সিদ্ধান্ত আগেই হয়েছে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম চেষ্টা করছেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন একজনকে বেছে নেওয়ার। খোঁজ নিয়ে জানা গেছে, নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন তিনি। 

ছেলেদের ক্রিকেটের নির্বাচক প্যানেলে যোগ দেওয়ার প্রস্তাবও করা হয়েছে তাঁকে। সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন শিপন। নারী ওয়ানডে বিশ্বকাপ শেষে যোগ দিতে চান ছেলেদের ক্রিকেটের নির্বাচক প্যানেলে। সেপ্টেম্বর-অক্টোবরে ভারত-শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে হবে নারী বিশ্বকাপ। নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে এ সময়টুকু নিবিড়ভাবে কাজ করতে চান তিনি।

নাজমুল আবেদীন নারী ও পুরুষ ক্রিকেটের পরিচালনা বিভাগের চেয়ারম্যান। নারী ক্রিকেটের প্রধান নির্বাচককে বিশ্বকাপ পর্যন্ত সময় দিতে পারেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে নাজমুল আবেদীন বলেন, ‘এখনও তৃতীয় নির্বাচক চূড়ান্ত হয়নি। আমরা কথা বলছি। যে ভালো হবে, তাকে নিয়োগ দেওয়া হবে। মেয়েদের ক্রিকেটে নির্বাচক প্যানেলেও একজন মেয়ে নেওয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেকেই আছে। আমরা দেখব কাকে নেওয়া যায়।’ 

নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুনের নির্বাচক হতে আগ্রহ আছে। তাঁকে নেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে ফাহিম বলেন, ‘সে যোগ্য প্রার্থী। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, অনেকটা সময় অধিনায়কও ছিল।’ 

সালমা আগ্রহ দেখালেও বিসিবি থেকে গতকাল পর্যন্ত যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, ‘আমার আগ্রহ আছে। যদিও বোর্ড থেকে এখন পর্যন্ত আমাকে কিছু বলা হয়নি। নির্বাচক হিসেবে কাজের সুযোগ পেলে ভালো লাগবে।’ 

ছেলে বা মেয়ে ক্রিকেটের নির্বাচক প্যানেলে তৃতীয় নির্বাচক নিয়োগ দেওয়া এ মুহূর্তে অত জরুরি নয়। কারণ পুরুষ ক্রিকেটে গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক কাজ চালিয়ে নিচ্ছেন। নারী বিভাগে শিপনের সঙ্গে কাজ করছেন সজল চৌধুরী। বিশ্বকাপ পর্যন্ত চুক্তি দুজনের। 

আরও পড়ুন

×