লেভার দিকে সৌদির চোখ
বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ১৭:৩২
দলবদলের বাজারে এবার খুব বেশি অর্থ খরচ করেনি বার্সা। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আনা হয়েছে মার্কোস রাশফোর্ডকে। স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়া এসেছেন লা লিগার ক্লাব স্পানিওল থেকে। সুইস ফরোয়ার্ড রনি বার্ডজিঘিকে নেওয়া হয়েছে শুধু।
এই তিন ফুটবলারের আগমনে খরচ কিছু বেড়েছে কাতালান ক্লাবে। সেই বাড়তি অর্থ কি কোনো ফুটবলারকে বিক্রি করে তুলবে বার্সা? বার্সেলোনার জনপ্রিয় ক্রীড়া দৈনিক মুন্ডো ডেপ্রেতিভোর খবর পোলিশ স্ট্রাইকার লেভানডস্কি চুক্তির শেষ মৌসুমে রয়েছে বার্সার সঙ্গে। এদিকে সৌদি আরবের অনেক ক্লাব নাকি তাঁকে নেওয়ার জন্য মুখিয়ে।
যদি সৌদি আরব থেকে বড় অঙ্কের কোনো প্রস্তাব আসে এবং সেখানে যদি লেভানডস্কি যেতে চান তাহলে নাকি তাঁকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা। কেননা এরই মধ্যে আক্রমণ ভাগে লেভানডস্কির বিকল্প হিসেবে রাশফোর্ড, ফেরান তোরেস আর দানি ওলমো আছেন কোচ ফ্লিকের হাতে।
তবে বছর ছত্রিশের লেভানডস্কি এসব ব্যাপারে প্রচণ্ড আবেগী। পোল্যান্ড জাতীয় দলের কোচের সঙ্গে ঝামেলা বাধায় তিনি আন্তর্জাতিক ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন। পরে কোচ পাল্টিয়ে লেভানডস্কিকে দলে ফিরিয়েছিল পোলিশ ফুটবল সংস্থা।
সে কারণে সৌদি আরব যাওয়ার ব্যাপারটি নিয়ে লেভানডস্কির ওপর কোনো ধরনের চাপ দিতে চাইছে না বার্সা কর্তৃপক্ষ। গত মৌসুমে চোট আঘাতের মধ্যে দিয়েই বার্সার হয়ে দারুণ পারফর্ম করেছিলেন লেভা। ৫২টি ম্যাচ খেলে ৪২টি গোল করেছিলেন। শেষ মৌসুমটিতে তাঁকে বিরক্ত করবে না হয়তো বার্সেলোনা।
- বিষয় :
- রবার্ট লেভানডভস্কি
- ফুটবল দলবদল
