ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার শুরুর সুপারিশ

ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার শুরুর সুপারিশ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ১৭:৩১ | আপডেট: ০২ আগস্ট ২০২৫ | ১৭:৫০

ধর্ষণের অভিযোগে মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে ফ্রান্সের প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আহ্বান জানিয়েছে। প্যারিসের শহরতলীর একটি ঘটনায় ২০২৩ সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন পিএসজি তারকা।

ফ্রান্সের নান্তের প্রসিকিউশনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, তদন্তকারী বিচারকের কাছে অনুরোধ করা হয়েছে যেন এই মামলা ক্রিমিনাল কোর্টে পাঠানো হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, এখন বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক নারী অভিযোগ করেন, ২৫ ফেব্রুয়ারি হাকিমি তাকে নিজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় হাকিমির স্ত্রী ও সন্তান বাসায় ছিলেন না। পুলিশকে দেওয়া বয়ানে ওই নারী বলেন, ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্রে হাকিমি তাকে বাসায় আসার আমন্ত্রণ জানান ও ট্যাক্সিও পাঠান।

নারীটির দাবি, বাসায় ঢুকতেই হাকিমি তাকে অস্বস্তিতে ফেলেন, জোর করে চুমু খেতে যান এবং ধর্ষণ করেন। পরে তিনি পালিয়ে গিয়ে এক বন্ধুর সাহায্যে বাসা থেকে বের হন। হাকিমির আইনজীবী ফানি কলিন এই সুপারিশকে ‘অযৌক্তিক ও তথ্যপ্রমাণবিহীন’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে অভিযোগকারিণীর আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল এই খবর শুনে স্বস্তি পেয়েছেন।

মাদ্রিদে জন্ম নেওয়া হাকিমি রিয়াল মাদ্রিদের যুব দল থেকে পেশাদার ফুটবলে পা রাখেন। ২০১৮ সালে যোগ দেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে, যেখানে ৭৩টি ম্যাচ খেলেন। এরপর ২০২০ সালে তিনি যান ইন্টার মিলানে, আর ২০২১ সালে যোগ দেন পিএসজিতে। কাতার বিশ্বকাপে মরক্কোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি হয়ে ওঠেন আফ্রিকা ও আরব বিশ্বের গর্ব। প্রথমবারের মতো কোনো আফ্রিকান বা আরব দেশ হিসেবে মরক্কো পৌঁছে যায় বিশ্বকাপের সেমিফাইনালে যার অন্যতম নায়ক ছিলেন হাকিমি।

আরও পড়ুন

×