পাকিস্তানকে খোঁচা দিয়ে রায়না—‘খেললে গুঁড়িয়ে দিতাম’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৯:০৬
‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে পাকিস্তান। এমন হারের পরই ভারত চ্যাম্পিয়ন্স দলের সাবেক তারকা সুরেশ রায়না পাকিস্তানকে খোঁচা দিয়ে জানিয়ে দিলেন, তার দল খেললে ফলাফল আরও ভয়াবহ হতে পারত।
এজবাস্টনে হওয়া টুর্নামেন্টে গ্রুপ পর্বেই মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু পেহেলগামের ঘটনার জেরে ভারত দল সেই ম্যাচে অংশ নেয়নি। পরে সেমিফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও, ভারত ম্যাচে অংশ নেয়নি। ফলে ফাইনালে উঠে যায় পাকিস্তান।
ফাইনালে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স দুর্দান্ত সেঞ্চুরি করে পাকিস্তানকে উড়িয়ে দেন। এরপর এক্স (সাবেক টুইটার)-এ রায়না লিখেন, ‘ফাইনালে এবি ডি ভিলিয়ার্সের কী দারুণ একটা ইনিংস, একেবারে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। আমরাও খেললে গুঁড়িয়ে দিতাম। কিন্তু আমাদের কাছে দেশের স্বার্থ সবার ওপরে।’
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্ষুব্ধ আয়োজকদের সিদ্ধান্তে। তারা অভিযোগ করেছে, ভারত ম্যাচ না খেলেও যেভাবে উভয় দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়েছে, সেটি পক্ষপাতদুষ্ট। তাদের দাবি ছিল, পাকিস্তানকে পূর্ণ দুই পয়েন্ট দেওয়া উচিত ছিল।
পিসিবি এখন ‘পাকিস্তান’ নামটি ব্যক্তিগত কোনো লিগে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। ভবিষ্যতে ডব্লিউসিএলে পাকিস্তান নামে কোনো দল অংশ নিতে চাইলে পিসিবির অনুমতি নিতে হবে বলে জানিয়েছে তারা।
- বিষয় :
- ভারত
- পাকিস্তান
- সুরেশ রায়না
- ভিলিয়ার্স
