ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বুমরাহর ওপর নির্ভরতা কমাচ্ছে ভারত

বুমরাহর ওপর নির্ভরতা কমাচ্ছে ভারত
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫ | ১৮:২১

ভারতে এখন মোহাম্মদ সিরাজবন্দনা চলছে। ইংল্যান্ড সফরে ২৩ উইকেট নিয়ে সিরিজ ড্রয়ের অন্যতম নায়ক এ পেসার। দুর্দান্ত বোলিং দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একটি বিষয়ে শক্ত অবস্থান নেওয়ারও সুযোগ করে দিয়েছেন ‘বড় মিয়া’ নামে খ্যাত সিরাজ। ক্রিকেটারদের বেছে বেছে ইচ্ছে মতো ম্যাচ খেলার সুযোগ বন্ধ করতে যাচ্ছে বিসিসিআই। যার মানে, ভারতের ইতিহাসের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহর ওপর নির্ভরশীলতা কমাতে যাচ্ছেন তারা।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, একটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বিসিসিআই; যেখানে ক্রিকেটাররা তাদের ইচ্ছামাফিক আর ম্যাচ বেছে নিতে পারবেন না। ভারতের কোচ গৌতম গম্ভীর ও অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীসহ টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও এই ব্যাপারে তাদের সমর্থন জানিয়েছেন বোর্ডের প্রতি। 

সূত্র মতে, ক্রিকেটারদের বার বার সতর্ক করা হলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাতে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছেন না। বিসিসিআই এটি আর মেনে নেবে না। তাদের ইচ্ছামতো ম্যাচ খেলতে হবে ক্রিকেটারদের। নিয়মটি চালু হলে এর বড় শিকার হতে পারেন বুমরাহ। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের মধ্যে তিনটি খেলেছিলেন তিনি। তাঁর বেলায় অবশ্য চিকিৎসকের পরামর্শ ছিল। 

বিসিসিআইর একটি সূত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানায়, ‘বুমরাহর বিষয়টি ব্যতিক্রম। এটি শুধু বোলিং কোচ বা সাপোর্ট স্টাফের নির্দেশনা পেয়ে তাঁকে বিশ্রাম দেওয়ার বিষয় নয়। এর সঙ্গে দলের মেডিকেল স্টাফরাও জড়িত।’

বুমরাহর এই বেছে বেছে ম্যাচ খেলার ব্যাপারটি নিয়ে ভারতের অনেক সাবেক ক্রিকেটারও বিরক্ত। সাবেক পেসার ইরফান পাঠান তো সরাসরি প্রশ্ন রেখেছেন, আর কতো দিন এভাবে বেছে বেছে ম্যাচ খেলবেন বুমরাহ? দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তাঁকে আরও বেশি দায়িত্ব নেওয়ার আহ্বানও জানিয়েছেন ইরফান।

আরও পড়ুন

×