তানজিদ-ইমনের বোঝাপড়া দৃশ্যমান হচ্ছে: কোচ সালাউদ্দিন
ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ১৫:১৫
সাদা বলে ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন জাতীয় দলে ইমপ্যাক্ট রাখতে প্রস্তুত বলে মনে করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি মনে করেন, তাদের মধ্যে বোঝাপড়া বাড়ছে। তারা শিখছে। তাদের মধ্যে পরিপক্কতা আসলে আরও ভালো করবে তারা।
ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে সালাউদ্দিন জানান, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় তানজিদ ও ইমনের মধ্যে সাহসী ক্রিকেট খেলার প্রবণতা আছে। তারা আধিপত্য বিস্তার করে খেলতে পছন্দ করে। যা সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। সাদা বলের দলে তারা সেট হয়ে গেলে দল হিসেবে বাংলাদেশ ভালো করবে বলেও মনে করেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘দলে আসার পর আমি সমস্যা খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা চলে যাওয়ায় ভালো একটা ওপেনিং জুটি প্রস্তুত করা দরকার ছিল। টেস্টে অনেকদিন পর সাদমান ভালো করতে শুরু করেছে। যেখানে আমাদের আরেকজন ওপেনার দরকার। ওয়ানডে এবং টি-২০তে ওপেনাররা দাঁড়িয়ে গেলে দলের জন্য বড় প্রাপ্তি হবে।’
সালাউদ্দিন জানান, ওয়ানডে ও টি-২০ দলের লোয়ার অর্ডারও খুব ভালো করছে না। সেখানেও তারা কাজ করছেন। কিন্তু ব্যাটিং অর্ডারের সবটা একসঙ্গে পরিবর্তন করতে গেলে হিতে বিপরীত হতে পারে। সেজন্য তারা টপ অর্ডার নিয়ে আগে কাজ করছেন।
ওই জায়গায় তানজিদ ও ইমন আশা দিচ্ছেন বলে উল্লেখ করেন সালাউদ্দিন, ‘ইমন ও তানজিদ অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে একসঙ্গে খেলছে। তারা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। তারা ভয়হীন ক্রিকেট খেলতে পারে, শট খেলতে পারে। শট খেলতে যে সাহস লাগে তারা সেটা অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে পেয়েছে। তারা এখনো অতটা পরিপক্ক নয়। তাদের বোঝাপড়া বাড়ছে, যা দৃশ্যমান। আমার বিশ্বাস, আরও কিছুদিন খেলার পর তাদের কী করা উচিত তা বুঝতে পারবে। তাদের ম্যাচ সচেতনতা, পরিস্থিতি সামলানোর দক্ষতা বাড়ছে। আধিপত্য করে খেলতে পছন্দ করে। তাদের বোঝাপড়া বাড়লে আমরা ভালো দু’জন ওপেনার পেরে পারি।’
ঘরোয়া পর্যায়ে দীর্ঘদিন কোচিং করানোর পর জাতীয় দলে কাজ শুরু করা সালাউদ্দিন মনে করেন, টেস্ট ও টি-২০ দল এখন অনেকটাই গোছালো। তবে ওয়ানডে দল নিয়ে কাজ করতে হবে, ‘আমি মনে করি, টেস্ট দল এখন অনেকটাই গোছালো। টি-২০ দলও ওই পর্যায়ে চলে গেছে। দলের অনেকেই এখন জানে, কে কোন ম্যাচ খেলতে যাচ্ছে এবং তাকে কীভাবে খেলতে হবে। হৃদমে কিছুটা ঘাটতি আছে। তবে ওয়ানডে দলে এখনো কিছু হিসাব-নিকাশ বাকি আছে। সেখানে অনেক কিছু বিবেচনায় নিতে হবে। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর জায়গায় এখনো আমরা ঠিক মতো কাউকে প্রতিষ্ঠিত করতে পারিনি।’
