ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খারাপ খেলায় বাবর-শাহিনদের বেতন কমছে 

খারাপ খেলায় বাবর-শাহিনদের বেতন কমছে 
×

এক ফ্রেমে শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ছবি: পিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ১৭:১২

পারফরম্যান্স খারাপ হওয়ায় পাকিস্তানের ক্রিকেটাররা মোটা অঙ্কের রোজগার হারাতে যাচ্ছেন। চলতি বছর তিন টেস্ট খেলে মাত্র একটিতে জয় পেয়েছে পাকিস্তান। ১১ ওয়ানডের মধ্যে জয় এসেছে দুটি। পিসিবি সেজন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের আইসিসির লভ্যাংশ না দেওয়ার পথে হাঁটতে যাচ্ছে।

সংবাদ মাধ্যম স্পোর্টস নাও জানিয়েছে, বার্ষিক বেতনের বাইরে পিসিবি থেকে আইসিসির লভ্যাংশের ৩ শতাংশ পেয়ে থাকেন পাকিস্তানের ক্রিকেটাররা। বার্ষিক হিসেবে যা একজন ‘এ’ গ্রেড ভুক্ত ক্রিকেটারের জন্য প্রায় ২৭ লাখ পাকিস্তানি রুপি। ‘বি’ ও ‘সি’ গ্রেডের জন্য অর্থটা প্রায় ১৫ ও ১০ লাখ পাকিস্তানি রুপি।

আগামীতে পাকিস্তানের ক্রিকেটাররা কেবল পিসিবি থেকে নির্ধারিত বেতন পাবেন। বোর্ড তাদের আইসিসির লভ্যাংশ দেবে না। এতে করে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটারের বার্ষিক হিসেবে প্রায় ৩১.৫ শতাংশ বেতন কমবে। শাহিন আফ্রিদি, নাসিম শাহদের বার্ষিক বেতন কমবে প্রায় ৩৩.৩৩ শতাংশ।

সংবাদ মাধ্যম ক্রিক ওয়ানের মতে, পাকিস্তানের ‘এ’ গ্রেড ভুক্ত একজন ক্রিকেটার বোর্ড থেকে বার্ষিক ৪৫ লাখ পাকিস্তানি রুপি বেতন হিসেবে পান। আইসিসির লভ্যাংশ থেকে তার আসত ২৭ লাখ পাকিস্তানি রুপি। দুটো মিলিয়ে তিনি প্রায় ৭০ লাখ পাকিস্তানি রুপি বছরে বেতন বাবদ পেতেন। আইসিসির লভ্যাংশের ৩ শতাংশ কেটে নিলে তিনি ওই ২৭ লাখ পাকিস্তানি রুপি আর পাবেন না। বাবরের মতো ‘এ’ গ্রেডে তালিকায় বেতন পান মোহাম্মদ রিজওয়ানও।

একইভাবে ‘বি’ গ্রুপে থাকা পাকিস্তানের একজন ক্রিকেটার বছরে বোর্ড থেকে ৩০ লাখ পাকিস্তানি রুপি বেতন পান। আইসিসির লভ্যাংশ থেকে পেতেন ১৫ লাখ পাকিস্তানি রুপি। ‘সি’ গ্রেড ভুক্ত একজন ক্রিকেটার বোর্ড থেকে ১০ লাখ পাকিস্তানি রুপি ও আইসিসির লভ্যাংশ থেকে পেতেন ১০ লাখ পাকিস্তানি রুপি।

সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির যে তালিকা আছে তাতে খুব একটা পরিবর্তন আনবে না পিসিবি। যারা কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন কিন্তু তিন ফরম্যাটের কোনটাতে সুযোগ পাচ্ছেন না তাদের বাদ দেওয়া হবে। যেমন উসমান খান কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন।

এছাড়া হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, সুফিয়ান মুকিমদের মতো কিছু ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে আনা হবে। পিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করে ফেলেছে। কেবল বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির স্বাক্ষর বাকি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। 

আরও পড়ুন

×