ভারতের এশিয়া কাপ দলে চমক, সহ-অধিনায়ক গিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ১৬:০০ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ | ১৬:০২
এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব, তার সহকারী হিসেবে থাকছেন টেস্ট অধিনায়ক শুভমান গিল।
দল ঘোষণায় সবচেয়ে বেশি নজর ছিল যশস্বী জয়সোয়ালকে নিয়ে। শেষ পর্যন্ত মূল দলে জায়গা পাননি তিনি, তবে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে। চমক হিসেবে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার ও রিয়ান পরাগ। অন্যদিকে দলে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ মিলেছে জিতেশ শর্মার।
অলরাউন্ডারদের দিকেও নজর ছিল নির্বাচকদের। পেসার অলরাউন্ডার হিসেবে দলে আছেন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিনজন বিশেষজ্ঞ পেসার রয়েছেন মূল দলে জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং এবং কেকেআরের হর্ষিত রানা। তবে বাদ পড়েছেন ফর্মে থাকা মোহাম্মদ সিরাজ।
মূল দলে সুযোগ না পেলেও স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সোয়ালকে। ১৫ জনের স্কোয়াড থেকে কেউ ইনজুরিতে ছিটকে গেলে তাদের মধ্যে কাউকে নেওয়া হবে পরিবর্তন হিসেবে।
ভারতের ১৫ সদস্যের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা ও রিঙ্কু সিং।
- বিষয় :
- এশিয়া কাপ
- ভারত
- শুভমন গিল
- সূর্যকুমার যাদব
