ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রংপুরে ৩৬ জুলাই গোল্ডকাপ ফাইনালে ‘রেকর্ড’ দর্শক

রংপুরে ৩৬ জুলাই গোল্ডকাপ ফাইনালে ‘রেকর্ড’ দর্শক
×

রংপুর স্টেডিয়ামে ফুটবল ম্যাচে ভরা গ্যালারি। ছবি: রংপুর অফিস

রংপুর অফিস

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ২২:২৬

রংপুরে সাড়া জাগিয়ে শেষ হলো ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার রংপুর স্টেডিয়ামে ফাইনাল রংপুর সদর উপজেলার মুখোমুখি হয় গঙ্গাচড়া উপজেলা দল। ২-১ গোলে গঙ্গাচড়া চ্যাম্পিয়ন হয়। ফাইনালে রংপুর স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। 

রংপুরের সাবেক ফুটবলার মাহমুদুল হাসান টিটু বলেন, মাঠে খেলোয়াড়দের নৈপুণ্যের সঙ্গে দর্শকদের হাততালি, বাঁশি বাড়তি উৎসাহ দিয়েছে। রংপুর স্টেডিয়ামে এতো দর্শক গত ২৫ বছরে দেখা যায়নি। 

জেলার ৮ উপজেলা থেকে ট্রাক, বাস, অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেল, সাইকেলে করে খেলা দেখতে আসেন দর্শক। নানা স্লোগানে মাঠে মুখরিত করে রাখেন তারা। অনেকে ‘রংপুর বিভাগীয় স্টেডিয়াম চাই’, ‘বছরব্যাপী টুর্নামেন্ট চাই’- এমন নানা ব্যানার হাতে নিয়ে হাজির হন। 

রংপুর স্টেডিয়াম ঐহিত্য সম্পন্ন। ১৯৬৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পূর্বে ও পরবর্তীতে বেশ ক’টি বড় টুর্নামেন্ট হয়েছে। তবে গত প্রায় ২৫ বছরে স্টেডিয়ামটিতে বড় কোন আয়োজন ছিল না। টুকটাক কিছু টুর্নামেন্ট হলেও দর্শকখরা ছিল। 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন। 
এসময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে কাজ করা হচ্ছে। রংপুর বিভাগ হলেও এখানে বিভাগীয় স্টেডিয়াম নেই। অচিরেই এখানে বিভাগীয় স্টেডিয়াম করা হবে।

আরও পড়ুন

×