ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন ইমন
পারভেজ হোসেন ইমন। ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | ২১:০৪
ঢাকা পর্বে নাথান কেলির অধীনে ফিটনেস ট্রেনিং এবং জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাসের পর সিলেটে গেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে স্কিল ট্রেনিং করেছেন তারা।
মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে বিসিবি লাল বনাম সবুজ দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলছেন ক্রিকেটাররা। ওই প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েছেন টি-২০ দলের ওপেনার পারভেজ ইমন।
ইমন লাল দলের হয়ে খেলছিলেন। তার দল প্রথমে বোলিং পায়। ফিল্ডিংয়ের সময় গোড়ালির ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
ফিজিও অবশ্য তাকে মাঠে কিছু প্রাথমিক চিকিৎসা দেন। পরে ফিজিও সঙ্গে মাঠ ছাড়েন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইমনের ইনজুরি গুরুতর কিনা তা জানা যায়নি। তিনি ব্যাটিংয়ে নামবেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট স্টেডিয়ামে লাল দলের বিপক্ষে শুরুতে ব্যাট করে সবুজ দল ৫ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ পেয়েছে। নাজমুল শান্ত ১২ বলে ২৩ রান করেন। সৌম্য সরকার ফিফটির আশা দিয়ে আউট হয়ে যান। জাকের আলী ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন।
