ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্টোকসের সঙ্গে যদি দেখা হয়...

স্টোকসের সঙ্গে যদি দেখা হয়...
×

যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ১৪:২৬

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ উপলক্ষে গতকাল ইংল্যান্ডগামী দলটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফটোসেশন করে। সেখানে যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম জানিয়েছেন, সুযোগ পেলে ‘ক্রিকেটের মক্কা’ হিসেবে খ্যাত লর্ডসে যেতে চান। এ ছাড়া ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের সঙ্গেও সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

ভবিষ্যতের কথা মাথায় রেখেই ইংল্যান্ড সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন আজিজুল, ‘ইংল্যান্ডে খেলে আমরা অনেক অভিজ্ঞতা পাব। এখন হয়তোবা বিশ্বকাপের খেলা নেই সেখানে। তবে ভবিষ্যতে এইচপি (হাইপারফরম্যান্স ইউনিট) বা অন্য কিছুতে খেলতে আমরা যেতে পারি। তখন এই অভিজ্ঞতা কাজে লাগবে।’ 

ইংল্যান্ডে গিয়ে দুটি মনোবাসনা পূরণের কথাও বলেছেন যুব দলের অধিনায়ক, ‘অবশ্যই প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে লর্ডসে খেলার। ওইভাবে যদি সুযোগ থাকে আমরা লর্ডসে যাব। আর ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আছেন আমার পছন্দের। তবে অবশ্যই বেন স্টোকসের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে।’ 

এ সফরে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করে ফেলতে চান আজিজুল, ‘আমাদের কম্বিনেশন যদি দেখেন... এখন কিছু ইনজুরি আছে, যেমন ইমন ইনজুরিতে। তো যারা আসছে, তাদের জন্য কিন্তু এটা সুযোগ। স্যারও (কোচ) এটাই বলেছেন। কম্বিনেশনের ব্যাপারে... এরপর অক্টোবরে সম্ভবত আফগানিস্তান সিরিজ আমাদের। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি।’

ইংল্যান্ড সফরের জন্য গত শুক্রবার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর ও জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনজন ইকবাল হোসেন ইমন, রাফিউজ্জামান রাফি ও ফারজান আহমেদ। 

চোটের কারণে পেসার ইকবাল কোথাও নেই। তাঁর বদলে ডাক পেয়েছেন পেসার সাদ ইসলাম। সাদের ওয়ানডে অভিষেক হয় গত মে মাসে, শ্রীলঙ্কা সফরের পঞ্চম ওয়ানডেতে। শেষ ম্যাচে দলে জায়গা হারান। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের দলেও সুযোগ পাননি। থমকে যাওয়া ক্যারিয়ার আবার উজ্জীবিত করার সুযোগ পেয়েছেন সাদ। সফরে ৩ সেপ্টেম্বর লাফবোরোয় আয়ারল্যান্ড যুব দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশের যুবারা। সেখানেই ইংল্যান্ড যুব দলের বিপক্ষে ৫ ও ৭ সেপ্টেম্বর প্রথম দুটি ওয়ানডে। ১০ সেপ্টেম্বর ব্রিস্টলে তৃতীয় ম্যাচ এবং ১২ ও ১৪ সেপ্টেম্বর শেষ দুটি ম্যাচ হবে বেকেনহ্যামে।

আরও পড়ুন

×