ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাইফকে নিয়ে সালাউদ্দিন, ‘আকাশে তুলবেন না, নিচেও নামাবেন না’

সাইফকে নিয়ে সালাউদ্দিন, ‘আকাশে তুলবেন না, নিচেও নামাবেন না’
×

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ১৯:৫২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ | ২০:০০

বল হাতে ২ উইকেট, ব্যাট হাতে ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস। নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনই করেছেন সাইফ হাসান। দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে ফেরাটা হয়েছে স্বপ্নের মতো। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে, এ সাফল্য সাইফের দীর্ঘদিনের ধৈর্য আর মানসিক দৃঢ়তার ফল।

২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সাইফের। তবে মাত্র দুটি ম্যাচ খেলেই ছিটকে পড়েন দল থেকে। পরে ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেললেও সেটি বাংলাদেশের নিয়মিত ও মূল স্কোয়াড ছিল না। এর আগে সাইফের ক্যারিয়ার শুরু হয়েছিল টেস্ট দিয়ে। অনেকে তাকে সাদা বলের খেলোয়াড় হিসেবেই চিনতেন। কিন্তু দীর্ঘ বিরতির পর ফিরে এসে প্রমাণ করেছেন, সব সংস্করণেই নিজেকে মানিয়ে নিতে সক্ষম তিনি।

আগামীকাল সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নামবে বাংলাদেশ। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাইফের লড়াই ও প্রত্যাবর্তনের গল্প তুলে ধরলেন কোচ সালাউদ্দিন। তিনি বলেন, ‘আপনাদের আগেও অনুরোধ করেছি,কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে দেবেন না, খুব তাড়াতাড়ি নিচে নামিয়েও দেবেন না। ভালো খেলেছে, প্রত্যাবর্তন করেছে, এট শক্ত মানসিকতার পরিচয়।’

সালাউদ্দিনের মতে, ব্যাকফুটে চলে যাওয়া অবস্থায় ফের ঘুরে দাঁড়ানো সহজ নয়। তার ভাষায়, ‘যেকোনো খেলোয়াড় যখন ব্যাকফুটে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। সাইফ টেস্ট স্পেশালিস্ট কিংবা সাদা বলের খেলোয়াড়, এমন ট্যাগের ভেতর থেকেও বেরিয়ে এসে যে চরিত্র দেখিয়েছে তা সবার মধ্যে থাকে না।’

চার বছর পর মূল দলে জায়গা পাওয়া ২৬ বছর বয়সী সাইফের ধৈর্যের প্রশংসা করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘উন্নতি করতে হয় সব সময়। তবে সাইফ চেষ্টা করেছে, নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে ব্যর্থ হয়েছিল, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েনি। চার-পাঁচ বছর ধরে ধৈর্য রেখেছে। এর ফলই এখন পাচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো করবে।’

আরও পড়ুন

×