ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লিটন-সাইফের কাছে বড় প্রত্যাশা

লিটন-সাইফের কাছে বড় প্রত্যাশা
×

সেকান্দার আলী, সিলেট থেকে

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৩

সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সংবাদ সম্মেলনে পেয়ে সাংবাদিকরা লিটন কুমার দাস আর সাইফ হাসানের পারফরম্যান্স নিয়েই বেশি প্রশ্ন করেন। কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তারা দুজন ভালো ক্রিকেট খেলেছেন। লিটনদের সেই পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে কোচ ছিলেন সংযত। প্রশংসা করার ভেতর দিয়ে সাইফদের কাছে প্রত্যাশার কথাও জানিয়ে দেন তিনি। কারণ আজ সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আবার ডাচদের মুখোমুখি হবে টাইগাররা। 

এই ম্যাচ জিতলে সিরিজ নিজেদের হবে। যেটা কোচিং স্টাফের অবধারিত চাওয়া হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে বাকি দুটি ম্যাচে বড় দলের মতো ধারাবাহিকতা দেখার প্রত্যাশাও থাকবে। তাই হোটেলের টিম মিটিংয়ে লিটনের দলের প্রতিটি সদস্যেকে সেভাবে গেম প্ল্যান বলে দেওয়া হয়েছে। ফিল সিমন্স চান লিটনরা যেন সেরা ক্রিকেট খেলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেন।
 
সিলেটে নিয়মিত কম-বেশি বৃষ্টি হওয়ায় মাঠ পুরোপুরি শুকায় না। এ কারণে তাপ পেলে জলীয় বাষ্প থেকে শিশিরের সৃষ্টি হয় বলে জানান সালাউদ্দিন। এ রকম ভেজা কন্ডিশনের কথা মাথায় রেখে ফ্ল্যাডলাইটের আলোতে ভেজা বলে অনুশীলন করেন বোলাররা। তাসকিন আহমেদরা যেটার সুফল পেয়েছেন প্রথম ম্যাচে। কোচ সালাউদ্দিনের মতে, ‘আমরা রাতে অনেক শিশির পড়তে দেখে সেভাবে প্রস্তুত ছিলাম। এই কন্ডিশন মাথায় রেখে আমরা অনেক কাজ করেছি। বল ভিজিয়ে প্র্যাকটিস করেছি। এখানে কীভাবে বোলিং করতে হবে, তা নিয়ে পরিকল্পনা করেছি। বোলাররা খুবই ভালো করেছে। সেই সঙ্গে ফিল্ডিংটাও প্রত্যাশিত মানে ছিল। এর পরও উন্নতি করার অনেক জায়গা আছে। আশা করি, কালকের (আজ) ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দেখতে পাব।’ 

প্রথম ম্যাচে বোলিং ভালো হওয়ায় নেদারল্যান্ডসকে ১৩৬ রানে বেঁধে রাখা সম্ভব হয়েছে। সালাউদ্দিনের মতো প্রতিপক্ষ দলের মিডলঅর্ডার ব্যাটার নোয়াহ ক্রস স্বাগতিক বোলিং ইউনিটের বেশ প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করে তারা খুব উঁচু মানের বোলার। খুব ভালো বোলিং করেছে। তারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করেছে। আমাদের সামনে এখন দুটি ম্যাচ আছে। তাদের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে যাতে ভালো করতে পারি, সেজন্য প্রস্তুতি নিচ্ছি। এজন্যই আজ অনুশীলনে আসা।’

শনিবার রাতে ম্যাচ খেলেও গতকাল অনুশীলন রেখেছিল নেদারল্যান্ডস। কারণ আজ তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে চায়। অন্যদিকে লিটনরা ছিলেন বিশ্রামে। ঐচ্ছিক অনুশীলন থাকায় নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারী মাঠে এসেছিলেন। যদিও আজকের ম্যাচে তাদের খেলার সম্ভাবনা কম। কারণ টিম ম্যানেজমেন্ট চাইবে ‘উইনিং কম্বিনেশন’ ধরে রাখতে। বিশেষ করে, সাইফ অলরাউন্ড পারফরম্যান্স করে দ্বিতীয় ম্যাচ খেলা নিশ্চিত করে ফেলেছেন। 

ডানহাতি এ অলরাউন্ডারকে নিয়ে সালাউদ্দিনের মত, ‘গত ম্যাচে সে (সাইফ) যে ক্যারেক্টার দেখিয়েছে আশা করি, সেটা যেন ধরে রাখতে পারে। কারণ এটা অনেক কঠিন ক্রিকেট (আন্তর্জাতিক)। এটা ভাবার কোনো কারণ নেই এক ম্যাচেই সে সফল হয়ে যাবে। সাফল্যটা আপনি কতদিন, কত বছর ধরে রাখতে পারছেন, সেটা গুরুত্বপূর্ণ।’ 

সহকারী কোচের প্রত্যাশা আজও ২২ গজে ঝলক দেখাবেন সাইফ। লিটন গত ম্যাচে ২৯ বলে হার না মানা ৫৪ রান করেন। ১৮৬.২০ স্ট্রাইকরেটে ছিলেন অপরাজিত। অধিনায়ক ম্যাচ শেষ করে মাঠ ছাড়ায় খুশি কোচ, ‘লিটন নটআউট ছিল, তাতে আমি খুশি। আমরা অনেক সময় অনেকে খেলা ধরলেও শেষ করতে পারে না। সে ম্যাচ শেষ করেছে। বড় ইনিংস খেলছে। এটা আমার কাছে বেশি ভালো লাগছে। সামনে আরও ম্যাচ আছে। তার ব্যাটে আরও উন্নতি হলে, পরিণত ক্রিকেট খেলে অপরাজিত থাকতে পারলে আমার মনে হয় দিন শেষে দলের বড় লাভ হবে। আশা করব, সে আরও ধারাবাহিক হবে।’

লিটন, সাইফের মতো ওপেনিং জুটি ও মিডলঅর্ডার ব্যাটারদের কাছে নিয়মিত পারফরম্যান্স আশা করেন সালাউদ্দিন।

আরও পড়ুন

×