তবুও আমোরিমের দুশ্চিন্তা কাটছে না
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:০২
এবার আর পেনাল্টি মিস করেননি ব্রুনো ফার্নান্দেজ। গত সপ্তাহে ফুলহামের বিপক্ষে পেনাল্টি মিস করা ম্যানইউ অধিনায়ক শনিবার রাতে ঠিকঠাক নিশানা খুঁজে পান। অন্তিম মুহূর্তের সেই গোলের সুবাদে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ৩-২ গোলের এ জয় স্বস্তি দিতে পারছে না ম্যানইউ শিবিরে। ভিএআরের কল্যাণে পাওয়া জয়ের ম্যাচে ম্যাথিউস কুনহা ও ম্যাসন মাউন্টের মতো দুজন নির্ভরযোগ্য খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। এই চোটে তারা লম্বা সময়ের জন্য ছিটকে গেলে সামনে আরও দুর্দশা অপেক্ষা করছে ম্যানইউর জন্য। সে জন্য জিতেও উদ্বেগ কাটছে না ম্যানইউ কোচ রুবেন আমোরিমের।
চতুর্থ টায়ারের দল গ্রিমসবে টাউনের কাছে হেরে লিগ কাপ থেকে ছিটকে যাওয়ার পর ম্যানইউ বোর্ডের অনেকেই কোচ আমোরিমের ওপর অসন্তুষ্ট। শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া বার্নলের বিপক্ষে হোঁচট খেলে হয়তো আমোরিমের বিদায় অনেকটাই ঘনিয়ে আসত। ৯৭ মিনিটে ব্রুনোর পেনাল্টি গোলে পাওয়া জয়ে হয়তো সে শঙ্কা ঠেকানো গেছে। কিন্তু রেড ডেভিল সমর্থকরা দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না। তবে আমোরিম চিন্তিত দুই তারকার ইনজুরিতে।
চলতি দলবদলে উলভস থেকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে কেনা ব্রাজিলিয়ান স্ট্রাইকার কুনহা প্রথমার্ধে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। কুনহা যখন চোটের কারণে অস্বস্তিতে উরু ধরে বসে পড়েন, তখন হতাশায় ডাগআউটে পানির বোতলে লাথি মারেন কোচ। এরই মধ্যে ব্রাজিল বস কার্লো আনচেলত্তি ম্যানইউ মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ থেকে কুনহাকে বাদ দিয়ে স্যামুয়েল লেনোকে নিয়েছেন। প্রথমার্ধে দারুণ খেলা মাউন্ট বিরতির পর চোটের কারণে আর মাঠে নামেননি।
ম্যাচ শেষে দুজনের অবস্থা জিজ্ঞেস করা হলে বেশ হতাশা নিয়ে আমোরিম বলেন, ‘আমি জানি না, মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারব। প্রতিদ্বন্দ্বিতায় থাকতে হলে এ দুজনকে ভীষণ প্রয়োজন।’ এই উদ্বেগ সত্ত্বেও জয় পাওয়ায় কিছুটা স্বস্তিতে আছেন তিনি, ‘আজ ভালোভাবে শেষ করতে পেরেছি। আমার মনে হয়, জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা অনেকগুলো সুযোগ সৃষ্টি করেছি। প্রথমার্ধেই আমাদের ম্যাচ নিশ্চিত করে ফেলা উচিত ছিল। তবে আজ আমরা শেষ মিনিট পর্যন্ত গোলের জন্য চেষ্টা চালিয়ে গেছি। সুযোগ সৃষ্টি করেছি এবং শেষ পর্যন্ত যোগ্য দল হিসেবেই জয় পেয়েছি।’ তিন ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে আপাতত নবম স্থানে ম্যানইউ।
- বিষয় :
- ম্যানচেস্টার ইউনাইটেড
- রুবেন আমোরিম
