ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেষ ম্যাচে শুরুতে ব্যাটিংয়ের প্রশ্নে লিটন বললেন, ‘দেখা যাক’ 

শেষ ম্যাচে শুরুতে ব্যাটিংয়ের প্রশ্নে লিটন বললেন, ‘দেখা যাক’ 
×

ম্যাচ জিতে লিটন দাস ও তানজিদ। ছবি: ইউসুফ আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৪৯

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটিতেই জিতেছে বাংলাদেশ। প্রথম টি-২০ ম্যাচে ৮ উইকেটে জিতেছিল লিটন দাসের দল। সোমবার দ্বিতীয় ম্যাচে জিতেছে ৯ উইকেটে। 

দুই ম্যাচেই টস জিতেছিলেন লিটন দাস। তিনি শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। অথচ ডাচদের বিপক্ষে সিরিজটি ছিল ব্যাটিং ঝালিয়ে নেওয়ার এবং বড় রানের অভ্যাস গড়ার চেষ্টা করার।

সিরিজ শুরুর আগে লিটন দাস সংবাদ সম্মেলনে সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে ২০০ রানের চেষ্টা করবেন, এমন আভাস দিয়েছিলেন। অথচ টস জিতে বেছে নিলেন বোলিং। শেষ ম্যাচে সুযোগ আসলে শুরুতে ব্যাটিং করবেন কিনা, ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমের এমন প্রশ্নে লিটন বলেন, ‘দেখা যাক।’ 

অধিনায়ক হিসেবে প্রতিটি সিরিজ জিততে চান বলেও মন্তব্য করেন লিটন, ‘আমি তো প্রতি সিরিজ জিততে চাই, সেটা সম্ভব নয়। ছেলেরা দুই সপ্তাহ কঠোর পরিশ্রম করেছেন। এখানে ক্যাম্প ছিল, অনুশীলনেও সবাই সচেষ্ট ছিলেন। বোলাররা পরিকল্পনা বাস্তবায়ন করেছে।’

দুটি করে উইকেট নেওয়া পেসার মুস্তাফিজ ও তাসকিনের প্রশংসা করেছেন লিটন। সুযোগ পেয়ে ম্যাচ সেরা হওয়া নাসুম আহমেদকে কৃতিত্ব দিয়েছেন, ‘আমরা জানি, মুস্তাফিজ-তাসকিন কী করতে পারে। নাসুম খুব একটা সুযোগ পায় না, কিন্তু যখনই পাচ্ছে ভালো করছে। ভালো লক্ষণ হলো, যেই সুযোগ পাচ্ছে, ভালো করছে।’    

আরও পড়ুন

×