ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আজ টস জিতলে আগে ব্যাটিং

আজ টস জিতলে আগে ব্যাটিং
×

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৪৯ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:০৯

এশিয়া কাপে খেলার জন্য একটি আদর্শ প্রস্তুতির আকাঙ্ক্ষা ছিল লিটন কুমার দাসের। একটি বাড়তি সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। অধিনায়কের চাওয়া পূরণ করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ আয়োজন করে বিসিবি। সেই সিরিজের প্রথম দুই ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লিটনরা যেভাবে খেলেছেন, তাতে দারুণ প্রস্তুতি হয়েছে বলে দাবি করতেই পারেন ক্রিকেটাররা। টাইগারদের প্রস্তুতি আরও ভালো হবে আজ শেষ ম্যাচ জিতে গেলে। জয়ের ছন্দে থেকে আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে যেতে চাইবেন লিটনরা।

বাংলাদেশ প্রথম দুই ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছে। সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারে। একটি ম্যাচে অন্তত ব্যাটিং গভীরতা পরখ করে দেখতে চাইতেই পারে স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। আবার নেদারল্যান্ডস টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারে। ব্যাটিং-বোলিং যেটিই করার সুযোগ হোক বড় দলের মতো দাপুটে ক্রিকেট খেলার চেষ্টা থাকবে বাংলাদেশের।

এই সিরিজ দিয়ে দুটি কাজ করেছেন কোচ ফিল সিমন্স। বোলিংয়ের কম্বিনেশন দেখে নিয়েছেন। মিডলঅর্ডারে সাইফ হাসানকে ফিট করতে চেয়েছেন ব্যাটিং লাইনআপের শক্তি বাড়াতে। টানা দুই ম্যাচে বোলিং বিভাগে পরিবর্তন দেখা গেছে। লেগ স্পিনার রিশাদ হোসেন প্রথম ম্যাচ খেলেছেন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে সুযোগ করে দেন দ্বিতীয় ম্যাচে। সুযোগ পেয়েই বাজিমাত করেন তিনি। ম্যাচসেরার পুরস্কার জেতেন তিন উইকেট নিয়ে। পেস বোলিং বিভাগেও একটি পরিবর্তন দেখা গেছে। তানজিম হাসান সাকিব খেলেছেন গত ম্যাচে। বাঁহাতি শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছিল। 

বোলারদের এভাবে রোটেট করে খেলানোর কারণ হলো সবাইকে প্রস্তুত রাখা। যাতে করে এশিয়া কাপে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা মাথায় রেখে একাদশ সাজাতে পারেন। এ ছাড়া আবুধাবির তীব্র গরমে চোট এড়াতে বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হতে পারে। সেদিক থেকে দেখলে শেষ ম্যাচেও এক-দুটি জায়গায় পরিবর্তন করা হলেও হতে পারে।

গত দুই ম্যাচে বোলাররা বেশি ভালো করায় ১৩৬ ও ১০৩ রান করতে পেরেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে লিটন কুমার দাস অপরাজিত হাফ সেঞ্চুরি করেন, দ্বিতীয় ম্যাচে তানজিদ হাসান তামিম খেলেন হার না মানা পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ব্যাটিংয়ে উন্নতির এই ধারা শেষ ম্যাচেও ধরে রাখতে চান তারা। তামিম বলেন, ‘‘এই সিরিজের আগে ফিটনেস থেকে শুরু করে স্কিল নিয়ে সিলেটে অনেক প্র্যাকটিস করেছি। অনেক ভালো উইকেটে আমরা প্র্যাকটিস করতে পেরেছি। তো আমরা যেভাবে খেলছি, যে পরিকল্পনায় আমরা এগোচ্ছি, সেই ‘উইনিং কম্বিনেশন’টা যেন ঠিক থাকে। সবাই সবার পারফর্মটা করতে পারে।’’

আরও পড়ুন

×