ডাচদের বিপক্ষে আজ বেঞ্চের শক্তি যাচাইয়ের সুযোগ বাংলাদেশের
ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৩১
এশিয়া কাপের আগে প্রস্তুতির মঞ্চ হিসেবে নেদারল্যান্ড সিরিজকে কাজে লাগিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই জিতে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাই স্বাগতিকরা সুযোগ পেতে পারে বেঞ্চ শক্তি যাচাইয়ের। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
যদিও এ সিরিজকে মূলত এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছিল, তবে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যেভাবে কৌশলী ক্রিকেট খেলেছে, তাতে ম্যাচের ফলাফলের চাইতেও দলের ভারসাম্য ও কম্বিনেশনকে গুরুত্ব দিয়েছে কোচ ফিল সিমন্স ও অধিনায়ক লিটন দাস।
প্রথম দুই ম্যাচেই টসে জিতে আগে বোলিং নিয়েছিল বাংলাদেশ। তবে সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারে স্বাগতিকরা। ব্যাটিং গভীরতা যাচাইয়ের সুযোগ নিতে চায় টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, নেদারল্যান্ডস টসে জিতলে তারাও আগে ব্যাটিং করতে পারে। যেকোনো পরিস্থিতিতেই বড় দলের মতো দাপট দেখিয়ে খেলতে চায় বাংলাদেশ।
দলের ভেতরের সূত্রে জানা গেছে, জ্বরে ভুগে প্রথম দুই ম্যাচে খেলতে না পারা শামীম হোসেন সুস্থ হয়ে ফিরেছেন। শেষ ম্যাচে তাকে দেখা যেতে পারে একাদশে। তবে এরই মধ্যে সুযোগ পেয়ে আলো ছড়িয়েছেন সাইফ হাসান। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাট হাতে ১৯ বলে ৩৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে কার্যকর পারফরম্যান্স করেছেন তিনি। তাই শামীম নাকি সাইফ—কারা সুযোগ পাবেন, তা নিয়ে তৈরি হয়েছে দোলাচল।
এ প্রসঙ্গে দলের কোচ সালাউদ্দিন বলেন, ‘দলের ভেতরে এমন স্বাস্থ্যকর প্রতিযোগিতা আসলে ইতিবাচক। যে-ই সুযোগ পাবে এবং পারফর্ম করবে, তা দলকেই শক্তিশালী করবে। সাইফ ভালো করেছে, শামীমও দারুণ ফর্মে আছে। সবার এমন পারফরম্যান্সই দলের জন্য মঙ্গলজনক।’
- বিষয় :
- বাংলাদেশ-নেদারল্যান্ডস
