‘অনুরোধের সিরিজের’ সেরা লিটন দাস
সিরিজ জয়ী বাংলাদেশ দলের উদযাপন। ছবি: ইউসুফ আলী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৩০
টানা সিরিজ খেলার মধ্যে আছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। লিটন দাসের মতো তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারের দম ফেলার ফুসরত নেই। তবু এশিয়া কাপের আগে মাস খানেকের বিরতি পেয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
বাংলাদেশ সফরে বিসিসিআই দল পাঠালে না থাকত ওই ফাঁকা সময়। না থাকতো এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে চিন্তা। টি-২০ অধিনায়ক লিটন দাস তাই পাকিস্তান সিরিজ শেষে সংবাদ মাধ্যমে বলেছিলেন, বসে না থেকে একটা সিরিজ হলে তাদের জন্য ভালো হয়।
সিরিজ আয়োজনে আর্থিক ক্ষতির কথা চিন্তা করেও লিটনদের অনুরোধেই বিসিবি অপেক্ষাকৃত কম শক্তিশালী নেদারল্যান্ডস ক্রিকেট দলকে ডেকে আনে। অনুরোধের তিন ম্যাচে দুই ফিফটিতে ১৪৫ রান করে সিরিজ সেরা হয়েছেন লিটন দাস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজে তিনি প্রথম ম্যাচে ফিফটি করেছিলেন। শেষ ম্যাচে ৪৬ বলে ৭৩ রান করেছেন তিনি। এই সিরিজের ঠিক আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও রান পাননি লিটন। তিনি করেছিলেন সাকুল্যে ১৭ রান।
তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে এক ফিফটি ও ফিফটি ছোঁয়া এক ইনিংস খেলেছিলেন লিটন। সিরিজও জিতেছিল বাংলাদেশ। কিন্তু তার আগে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে তিনি বলার মতো রান পাননি। এর মধ্যে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেও আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।
লিটন দাসের তাই রান ক্ষুধা ছিল। যা ডাচদের বিপক্ষে পূরণ হলো। এই ফর্ম তিনি এশিয়া কাপে নিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা। ৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের আসর। বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে হংকং-এর বিপক্ষে।
- বিষয় :
- বাংলাদেশ-নেদারল্যান্ডস
- লিটন দাস
