অক্টোবরে শ্রীলংকা সফরের ভাবনা
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০০:১৫
ছয় বছর আগে শ্রীলংকায় টেস্ট খেলেছে বাংলাদেশ। জুলাই-আগস্টের শ্রীলংকা সফর নিয়ে তাই আশাবাদী ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু করোনার কারণে ভেস্তে গেছে নির্ধারিত সময়ের ওই সফর। তবে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট শ্রীলংকার বিপক্ষে ওই সিরিজ দিয়েই ফেলাতে চাই বিসিবি।
চলতি বছরের এশিয়া কাপ স্থগিত করেছে এসিসি। আইসিসি বাতিল করেছে অক্টোবরের অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ। আগামী বছর থেকে আবার টানা তিনটি বিশ্বকাপ হবে। বিসিবি তাই আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো খেলে ফেলতে চাই। চলতি বছরের মধ্যে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওই টেস্ট সিরিজ নিয়ে এরই মধ্যে তাই দুই বোর্ড আলোচনা শুরু করেছে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসি আগামী তিন বছরের তিনটি বিশ্বকাপের সময় নির্ধারণ করে দিয়েছে। ওই টুর্নামেন্টের বাইরের সময়গুলো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা নিয়ে আমরা কাজ করছি। শুরুটা করতে চাই শ্রীলংকা সফর দিয়ে। দুই বোর্ডও এই বছরের শেষ দিকে সিরিজটা আয়োজনের ব্যাপারে আশাবাদী।’
বিসিবির সিইও জানিয়েছেন, বোর্ড এখন ঘরের মাঠে ম্যাচ আয়োজনের চেয়ে অ্যাওয়ে ম্যাচ খেলার দিকে বেশি মনোযোগি। কারণ দেশের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। একইভাবে উপমহাদেশের মধ্যে শ্রীলংকার করোনা পরিস্থিতি বেশ আগে থেকেই নিয়ন্ত্রণে এসেছে। দুই বোর্ড তাই সিরিজটির ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এরই মধ্যে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনে ফিরেছেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামসহ ঢাকার বাইরে খুলনা, চট্টগ্রাম ও সিলেটে অনুশীলন করছেন বেশ কিছু ক্রিকেটার। তাদের পাশাপাশি বোর্ড হাই পারফরম্যান্স দলের অনুশীলন শুরু করার কথা ভাবছে। এছাড়া ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগও মাঠে ফেরানোর পরিকল্পনা আছে বোর্ডের। শোনা যাচ্ছে, আগামী ১৫ সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে ডিপিএল।
- বিষয় :
- বাংলাদেশ-শ্রীলংকা
- টেস্ট সিরিজ
- অক্টোবরে
- খেলা
- ক্রিকেট