লঙ্কা পরীক্ষায় সোজাসাপ্টা এপ্রোচের আত্মবিশ্বাসী বাংলাদেশ
হংকং-এর বিপক্ষে বোলিংয়ের সময় তানজিম সাকিব। ছবি: এসিসি
ক্রীড়া প্রতিবেদক, আবু ধাবি থেকে
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩৪
আবু ধাবির গরমে এক ফোঁটা ঘামও যেন মূল্যবান। তা অকারণে ঝরাতে চায় না বাংলাদেশ। হংকং-এর বিপক্ষে জয়ের আমেজ না কাটতেই তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন দলের ডানহাতি পেস অলরাউন্ডার তানজিম সাকিব। জানালেন, গরমের কারণে যাতে (শুক্রবার) অকারণে বের হতে না হয় তাই সংবাদ সম্মেলনের ‘ঝামেলা’ একবারে মিটিয়ে ফেলা।
এমনকি টিম ম্যানেজমেন্ট এমন বুদ্ধি বের করায় প্রশংসাও করেছেন হংকং-এর বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নেওয়া তানজিম। পুরোদিন বিশ্রাম পেতে হংকং ম্যাচের সময়ই শ্রীলঙ্কা ম্যাচের সংবাদ সম্মেলন একবারে করে যাওয়ার সিদ্ধান্ত হয়। শুক্রবার তানজিম সাকিবদের রিকভারি কিংবা জিম সেশন থাকতে পারে।
শ্রীলঙ্কার মাটিতে সম্প্রতি টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। খেলেছে পূর্ণাঙ্গ সিরিজ। তাদের অধিকাংশ খেলোয়াড় চেনা। যে কারণে আত্মবিশ্বাস নিয়ে, ঠিকঠাক পরিকল্পনা সাজিয়ে সোজাসাপ্টা এপ্রোচে নামতে চান তানজিমরা, ‘আমাদের এপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কায় সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’
ক’বছর ধরেই বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মানেই তীব্র প্রতিদ্বন্দ্বীতা। এশিয়ার ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে এই দুই দল। যদিও এই দ্বৈরথ বিষয়টি গায়ে মাখতে চান না তানজিম সাকিব। এগুলো ‘মূখ্য নয়’ জানিয়ে লঙ্কানদের বিপক্ষে আত্মবিশ্বাসী হওয়ার যেমন সুযোগ আছে, হুমকিও আছে বলে মনে করিয়ে দেন তিনি।
তানজিম বলেন, ‘একটা দলের বিপক্ষে জিতে আসলে তা আপনাকে বুস্ট আপ করবে, আত্মবিশ্বাস দেবে। এশিয়া কাপের আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছি। বিশ্বকাপে জিতেছি, গত সিরিজেও জিতেছি। তাদের সবাইকে ভালো করেই চিনি, জানি, তাদের দুর্বলতাও জানা। আমরা ঠিকঠাক পরিকল্পনা করে,, ভালোভাবে প্রস্তুত হয়ে মাঠে নামব। তাদেরও বেশ ক’জন ভালো খেলোয়াড়ও আছে। আমরা তাদের আটকানোর চেষ্টা করবো।’
হংকং-এর বিপক্ষে টস জিতে বোলিং নেওয়া প্রসঙ্গে অধিনায়ক লিটন দাস বলেছিলেন, উইকেটের আচরণ সম্পর্কে অবগত নন তারা। যে কারণে শুরুতে বোলিং নেওয়া। তানজিম বল করতে গিয়ে দেখেন যে, উইকেটে সিম এন্ড বাউন্স আছে। উইকেটে বল হিট করতে পারলে নতুন বলে স্কিড হচ্ছিল, মুভমেন্টও পাচ্ছিলেন। দ্বিতীয় স্পেলে আবার সিমে হিট করা বল কার্যকরী হচ্ছিল না। স্ক্র্যাম্বল সিমে স্কিড করছিল। এই অভিজ্ঞতাগুলো শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখবে বলে মনে করেন ডানহাতি পেস অলরাউন্ডার তানজিম সাকিব।
