ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এনসিএল টি২০ লিগ শুরু আজ

এনসিএল টি২০ লিগ শুরু আজ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১২:১০

এনসিএল টি২০ লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, দেশের ক্রিকেটের স্বার্থে ফিক্সিং প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ইঙ্গিতটা করেছিলেন মূলত টি২০ লিগের প্রতি। তাই এনসিএল টি২০ লিগের খেলা শুরুর আগেই ফিক্সিং ইস্যুতে সচেতন করা হয়েছে ক্রিকেটারদের। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের প্রত্যেক সদস্যকে স্বাক্ষর করতে হয়েছে বিসিবির কোড অব কন্ডাক্ট পেপারে। 

এই কাজটি ভালোভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বোর্ডের অ্যান্টিকরাপশন প্রতিরোধ ইউনিটের। বিভাগটির প্রধান রায়ান আজাদ জানান, এবার জোরেশোরেই ফিক্সিং প্রতিরোধে কাজ করা হচ্ছে এনসিএল টি২০ লিগ দিয়ে। খেলার মান বাড়ানো, দুর্নীতি প্রতিরোধ, শৃঙ্খলা, নিরাপত্তা ইস্যু– এসব ইস্যুতে কর্মশালা শেষে আজ শুরু হচ্ছে এনসিএল টি২০ লিগের খেলা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। 

নাজমুল হোসেন শান্তর রাজশাহী বিভাগ খেলবে নাঈম শেখের ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীতে। রংপুর ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি হবে বগুড়ায়। এ দুই ভেন্যুতে ১৯ সেপ্টেম্বর শেষ রাউন্ডের খেলা সম্পন্ন হলে এনসিএল টি২০ পাড়ি জমাবে সিলেটে। এখানেই হবে প্লে অফ ও ফাইনাল ম্যাচের খেলা।

বিসিবির ২০২৫-২৬ ক্রিকেটের মৌসুম শুরু হচ্ছে এই টি২০ লিগ দিয়ে। লিগটিতে সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা নেওয়া গেলেও প্রকৃতি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নির্বিঘ্ন ম্যাচ আয়োজনে। কারণ ভাদ্র মাসের শেষ দিকেও বৃষ্টি হচ্ছে নিয়মিত। লিগজুড়েই বৃষ্টি বাধা হতে পারে বলে জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপক আবু ইমান মো. কাউসার। আট দলের এই টি২০ টুর্নামেন্টের ছয়টি করে ম্যাচ হবে বগুড়া ও রাজশাহীতে। 

বগুড়ায় ম্যাচের আগে বৃষ্টি হলে খেলা সম্ভব নয়। কারণ এখানে নেই উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা। এই প্রতিবন্ধকতা মেনেই টি২০ লিগে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন ক্রিকেটাররা। লিগের খেলা সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং করবে টি স্পোর্টস নেটওয়ার্ক। বিসিবি থেকে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানও রাখা হয়েছে আজ সকাল ৯টায় রাজশাহীতে। এশিয়া কাপের ভেতরেও দেশের টি২০ লিগকে জমজমাট করার চেষ্টায় কমতি রাখেনি বিসিবি।

আরও পড়ুন

×