ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এনএসসির বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ

এনএসসির বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৩৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১২:১৭

বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়নে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। জেলা ও বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে এনএসসি পরিচালকরা জেলা প্রশাসকদের নির্দেশ দিচ্ছেন বলে দাবি তাঁর। ঢাকা ক্রিকেট ক্লাব সংগঠক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুও একই অভিযোগ করেন। বিষয়টি নিয়ে এনএসসি নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি। তাঁর মোবাইলে কল করে ও হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলেও সাড়া দেননি।

দেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা পরিচালিত হচ্ছে অ্যাডহক কমিটি দিয়ে। এনএসসি গঠনতান্ত্রিক ক্ষমতা ব্যবহার করে আমিনুল ইসলাম বুলবুলকে বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করা হয়েছিল। গতকাল কমিটির সভায় সর্বসম্মতিতে বুলবুলকেই ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর মনোনীত করা হয়। ঢাকা জেলা থেকে কাউন্সিলর করা হয়েছে নাজমুল আবেদীন ফাহিমকে। এই মনোনয়নকে সরকারের পক্ষপাতিত্ব হিসেবে দেখেন আমিনুল হক। 

তিনি বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্দেশে সরাসরি এনএসসির পরিচালকরা জেলা প্রশাসকদের ফোন দিয়ে বলছেন, জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দেওয়ার জন্য। অ্যাডহক কমিটির বাইরে থেকে যাদের কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে তাদেরটা বাতিল করতে বলা হচ্ছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক অ্যাডহক কমিটি বা বাইরে থেকে কাউন্সিলর দেওয়ার এখতিয়ার রাখেন।’ তিনি জানান, সাবেক সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগত রেষারেষি থেকে ১৪টি ক্লাবের নিবন্ধন বাতিল করার চেষ্টা করেন। ক্লাব নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বলে দাবি তাঁর।

গতকাল ঢাকার চারটি ক্লাবের মালিকানা নিয়ে সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনালে শুনানি ছিল। রেঞ্জার্স ক্রিকেট একাডেমি, ব্লুজ ক্রিকেটার্স, গোল্ডেন ঈগলস ও ঢাকা স্পার্টান্স–এই চার ক্লাবের মালিকানা দাবি করা তানভির আহমেদ ট্রাইব্যুনালে উপস্থিত না হওয়ায় রায় হয়নি। উল্টো আমজাদ হোসেন নামে একজন ট্রাইব্যুনালকে জানান, তানভীরের কাছ থেকে ক্লাবগুলো কিনেছেন তিনি। তবে মূল মালিক লোকমান হোসেন ভূঁইয়া ক্লাবগুলো ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। 

এ ব্যাপারে রফিকুল বাবু বলেন, ‘ক্লাবগুলো বাতিল করা হলে সেটি হবে উদ্দেশ্যপ্রণোদিত। এখানে ক্লাবের দোষ কী? ক্লাব তো ঠিকঠাকই খেলছে। আসলে কাউন্সিলরশিপ নিয়ে যা কিছু হচ্ছে, তা অগ্রহণীয়। এনএসসি অনৈতিকভাবে হস্তক্ষেপ করছে। আমরা নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই।’ 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চান। গতকাল তিনি বলেন, ‘আমরা একটা পথে চলছি যেন সঠিক মানুষগুলো ক্রিকেটকে সার্ভ করতে আসতে পারে। তবে বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা সরকারের প্রশাসনের সঙ্গে কথা বলে চেষ্টা করছি জিনিসগুলোর সমাধান করতে।’

আরও পড়ুন

×