ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সূর্যকুমারের সোজাসাপ্টা মন্তব্য, ‘ভারত-পাকিস্তান দ্বৈরথ আর নেই’

সূর্যকুমারের সোজাসাপ্টা মন্তব্য, ‘ভারত-পাকিস্তান দ্বৈরথ আর নেই’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:১৬

চলমান এশিয়া কাপে টানা দুইবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। গ্রুপপর্বে ৭ উইকেটে জয়ের পর সুপার ফোরে ৬ উইকেটের জয় পেয়েছে তারা। এর পরই পাকিস্তানকে কটাক্ষ করে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, ভারত-পাকিস্তান ম্যাচে আর কোনো দ্বৈরথ নেই।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করলে সূর্যকুমার বলেন, ‘আমার মনে হয় এবার সবার উচিত এই ম্যাচকে নিয়ে প্রশ্ন করা বন্ধ করা। যদি দুই দল ১৫-২০ ম্যাচ খেলে এবং ফলাফল কাছাকাছি হয়, তবে তাকে লড়াই বলা যায়। কিন্তু যখন স্কোরলাইন হয় ১৩-০ বা ১০-১, তখন সেটাকে দ্বৈরথ বলা যায় না।’

এমনিতেই সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানের নাম মুখে আনেননি সূর্যকুমার। ‘আরও একটা ম্যাচ’ হিসেবেই বারবার উল্লেখ করেছিলেন তিনি। এ অবস্থায় পাকিস্তানকে হারানোর পর সূর্যকুমার যা বললেন, তা নিয়ে আলোচনা-সমালোচনা আরও বাড়বে। এর আগে আর কোনো অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে খোলাখুলি এরকম মন্তব্য করেননি।

গত দেড় দশকে পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপট স্পষ্ট। এই সময়ে হওয়া ৩১ ম্যাচের ২৩টিতেই জয় পেয়েছে ভারত। তবে সামগ্রিক পরিসংখ্যানে এখনো পাকিস্তান এগিয়ে। দুই দলের মধ্যে হওয়া ২১০টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের জয় ৮৮টিতে, ভারতের ৭৮টিতে, বাকিগুলো ড্র।

টেস্টে পাকিস্তান এগিয়ে (১২ জয়, ভারতের ৯ জয়, ৩৮ ড্র), ওয়ানডেতে ভারত এগিয়ে (ভারতের ৫৮ জয়, পাকিস্তানের ৪৩ জয়)। আর টি-টোয়েন্টিতে একেবারেই আধিপত্য ভারতের। ১৫ ম্যাচে ১১ জয়, পাকিস্তানের জয় মাত্র ৩টিতে।

আরও পড়ুন

×