ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফেডারেশন কাপে এবার কিংস নাকি অন্য কেউ

ফেডারেশন কাপে এবার কিংস নাকি অন্য কেউ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:২২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:২৩

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যালেঞ্জ কাপের ট্রফি জিতেছে বসুন্ধরা কিংস। আজ শুরু হতে যাওয়া ফেডারেশন কাপের অন্যতম ফেভারিটও করপোরেট এ ক্লাব। ফেড কাপের সর্বশেষ দুটি আসরেই চ্যাম্পিয়ন তারা। গতবার ঢাকা আবাহনী লিমিটেড, এর আগের মৌসুমে মোহামেডানকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল দলটি। তাদের আধিপত্যের অবসান ঘটাতে এবার আটঘাট বেঁধে নেমেছে আবাহনী ও মোহামেডান। 

নতুন মৌসুমে কিংস নাকি অন্য কেউ জিতবে শিরোপা, তার উত্তর জানা যাবে আগামী বছরের ১০ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে। প্রথম দিনে আজ কিংস অ্যারেনায় বসুন্ধরা খেলবে ফর্টিস এফসির বিপক্ষে। অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।

ঘরোয়া ফুটবলের দ্বিতীয় মর্যাদাকর টুর্নামেন্ট ধরা হয় ফেডারেশন কাপকে। এই প্রতিযোগিতায় রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। ১১ শিরোপা নিয়ে তাদের পরের স্থান মোহামেডানের। তৃতীয় সর্বোচ্চ চারবার ট্রফি জিতেছে বসুন্ধরা। 

এবার দুটি ভেন্যুতে হবে খেলা। দুটি গ্রুপে খেলবে দলগুলো। গ্রুপ ‘এ’তে রয়েছে ঢাকা আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরাপুল, পিডব্লিউডি ও রহমতগঞ্জ। ‘বি’ গ্রুপে আছে বসুন্ধরা, মোহামেডান, ফর্টিস, পুলিশ এফসি ও আরামবাগ। দুটি গ্রুপের সেরা চারটি দল খেলবে কোয়ালিফায়ারে।

আরও পড়ুন

×