অবসরের ঘোষণা দিলেন বুসকেটস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৩১
বার্সেলোনা ও স্পেনের জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ইন্টার মায়ামিতে পড়ন্ত বেলা কাটাচ্ছিলেন সার্জিও বুসকেটস। এবার আনুষ্ঠানিকভাবে জানালেন অবসরের সিদ্ধান্ত। চলতি মৌসুম শেষে মেজর লিগ সকার (এমএলএস) থেকে বিদায় নেবেন এই কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডার। নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি।
৩৭ বছর বয়সী বুসকেটস বলেন, ‘এটি ছিল অবিশ্বাস্য এক অধ্যায়। মনে হচ্ছে এখন বিদায় বলার সময় এসে গেছে। স্বপ্নের মতো কাটানো ২০ বছরের অসাধারণ পথচলার শেষপ্রান্তে দাঁড়িয়ে আছি আমি। মাঠে এটিই আমার শেষ মাস। আমি খুশি, তৃপ্ত এবং সবার প্রতি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ, শিগগিরই আবার দেখা হবে।’
সম্প্রতি বুসকেটসের অবসরের গুঞ্জন জোরালো হয়েছিল। তার মধ্যেই এলো আনুষ্ঠানিক ঘোষণা। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি শেষ হবে ডিসেম্বরেই। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৯ ম্যাচ। দলের লক্ষ্য এবার প্রথম এমএলএস কাপ জয়। নিয়মিত মৌসুমে মায়ামির হাতে আছে আরও পাঁচ ম্যাচ। ইস্টার্ন কনফারেন্সে তারা এখন তিনে রয়েছে।
স্পেন ও বার্সেলোনার হয়ে বুসকেটস পেশাদার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় সময় কাটিয়েছেন। ক্যারিয়ারে কেবল কাতালানদের হয়ে খেলেছেন ৭২২ ম্যাচ, ওই সময়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও ৯টি লা লিগা। এ ছাড়া স্পেন জাতীয় দলে খেলেছেন ১৪৩ ম্যাচ। ২০১০ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন বুসকেটস।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর জিতেছেন লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড। এবার সেই দারুণ ক্যারিয়ারের ইতি টানছেন স্প্যানিশ তারকা।
- বিষয় :
- বার্সেলোনা
- ইন্টার মায়ামি
