ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শঙ্কামুক্ত অভিষেক, ফাইনালে অনিশ্চিত হার্ডিক

শঙ্কামুক্ত অভিষেক, ফাইনালে অনিশ্চিত হার্ডিক
×

ভারতের ক্রিকেটার অভিষেক শর্মা (বাঁয়ে) ও হার্ডিক পান্ডিয়া। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:২৯

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে টান টান উত্তেজনার এক ম্যাচ জিতেছে ভারত। ২০২ রান করেও ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে জিতেছে সূর্যকুমার যাদবের দল।

প্রথমে ব্যাট করা ভারতের হয়ে এদিনও ৩১ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অভিষেক শর্মা। তবে ফিল্ডিংয়ের সময় বড় অংশজুড়ে মাঠে ছিলেন না তিনি। হার্ডিক পান্ডিয়া মাত্র ১ ওভার বোলিং করেই মাঠ ছাড়েন। ১০ ওভারের পর আর মাঠে নামেননি তিনি।

ম্যাচ শেষে ভারতের পেস বোলিং কোচ মরনে মর্কেল জানিয়েছেন, দু’জনেরই মাংসপেশিকে টান লেগেছে। তবে অভিষেক ভালো আছেন। শঙ্কা মুক্ত বলেই জানিয়েছেন কোচ। ফাইনালে হার্ডিক পান্ডিয়া খেলতে পারবেন কিনা আজ পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এশিয়া কাপে ভারত আগেই ফাইনালে উঠেছে। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পা রেখেছে পাকিস্তান। রোববার রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে ফাইনাল। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাস প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল দেখা যাবে।

ওই ম্যাচের আগে হার্ডিক ও অভিষেককে নিয়ে পেস বোলিং কোচ মর্কেল বলেন, ‘তাদের দু’জনেরই ক্র্যাম্প হয়েছিল। অভিষেক ভালো আছে। তবে হার্ডিককে আজ পরীক্ষা করা হয়েছে, কালও কিছু পরীক্ষা করানো হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

রোববার পাকিস্তানের বিপক্ষে শিরোপা লড়াই হলেও আজ ভারত কোন অনুশীলন করবে না বলে জানিয়েছেন মর্কেল, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বিশ্রাম নেওয়া। ম্যাচের পরই ক্লান্তি কাটিয়ে ওঠার কাজ শুরু হয়ে গেছে। ছেলেরা আইস বাথ (বরফ পানিতে গোসল) নিয়েছে। এখন পা দুটোকে যতো ক্লান্তিহীন রাখা যায়। ধকল কাটিয়ে ওঠার সেরা উপায় হলো ঘুম।’

আরও পড়ুন

×