রাজা-খালেদে সিলেটের জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:২৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৪২
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে বরিশালের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সিলেট বিভাগ। শেষ দুই ওভারে ৩০ রানের অসম্ভব সমীকরণ মিলিয়ে রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদে ২ উইকেটের নাটকীয় জয় পায় তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন মুবিন আহমেদ দিশান। পাওয়ার প্লে শেষের আগে আউট হয়েছেন জাকির হাসানও। সিলেটের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৭ রান। টিকে থাকলেও ভালো করতে পারেননি মিজানুর রহমান। মেহেদী হাসানের বলে ফেরার আগে করেছেন ২২ বলে ১৩ রান। দলের রান পঞ্চাশ ছোঁয়ার পর আউট হয়েছেন রাহাতুল ফেরদৌস জাভেদ।
এরপর আসাদুল্লা আল গালিব ও অমিত মিলে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে ২৪ রান করা গালিবকে ফিরিয়ে জুটি ভাঙেন তানভীর ইসলাম। দ্রুতই ফেরেন তাওহীদ হাসানও। ৩৯ রান করা অমিত ফিরলেও শেষের দিকে রাজা ১৯ ও খালেদ ১২ রান করে সিলেটকে ম্যাচ জিতিয়েছেন। ১৯তম ওভারে রুয়েল মিয়ার এক ওভার থেকে ২০ রান তুলে নেন রাজা-খালেদ। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার হলে মেহেদী হাসানের প্রথম বলেই ছক্কা হাঁকান রাজা। শেষ পর্যন্ত নাঈম হাসানের চারে ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে সিলেট। বরিশালের হয়ে তিনটি উইকেট নিয়েছেন পেসার মেহেদী।
এর আগে ফজলে মাহমুদ রাব্বির লড়াকু ৬০ রানের ইনিংসে ভর করে বরিশাল ৮ উইকেটে ১৪১ রানের লড়াকু পুঁজি পায়। দলের অন্য কোনো ব্যাটসম্যান বিশের ঘরও স্পর্শ করতে পারেননি। বোলিংয়ে দুর্দান্ত পারফর্মেন্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান সিলেটের পেসার এবাদত হোসেন। তিনি ২৪ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
- বিষয় :
- সিলেট
- এনসিএল টি-২০
