ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জয়-দিপুর ঝড়ে উড়ে গেল মেট্রো

জয়-দিপুর ঝড়ে উড়ে গেল মেট্রো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৪৪

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ। মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন দিপুর ঝড়ে ঢাকা মেট্রোর দেওয়া ১৮৬ রানের বড় লক্ষ্যকেও মামুলি বানিয়ে ছেড়েছে ইয়াসির আলীর দল। ১৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই দাপুটে জয় নিশ্চিত করে তারা। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে চট্টগ্রাম।

সিলেটে অনুষ্ঠিত ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মমিনুল হক (৩১) ও মাহমুদুল হাসান জয় ৫৩ রান যোগ করেন। মমিনুল ফিরে গেলেও জয়ের তাণ্ডব থামেনি। মাত্র ২৮ বলে ফিফটি তুলে নেওয়া এই ব্যাটসম্যান আউট হওয়ার আগে ৩৭ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। জয়ের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে বাকি কাজটা সারেন শাহাদাত হোসেন দিপু। ৩৬ বলে ৬৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

এর আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো উড়ন্ত সূচনা পায়। নাইম শেখ (৪৬) ও মাহফিজুল ইসলাম (৪১) ৮১ রানের জুটি গড়েন। তবে এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ২২ বলে ৪১ ও আবু হায়দার রনির ১২ বলে ২৪ রানের ক্যামিওতে ৬ উইকেটে ১৮৫ রানের লড়াকু সংগ্রহ পায় মেট্রো।

আরও পড়ুন

×