ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিজয়-সৌম্যর ব্যাটে খুলনার জয়, ঢাকার দ্বিতীয় হার

বিজয়-সৌম্যর ব্যাটে খুলনার জয়, ঢাকার দ্বিতীয় হার
×

ছবি- এনসিএল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:১৮ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:২১

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি খুলনা। অবশেষে তৃতীয় ম্যাচে এসে স্বস্তির জয় তুলে নিল দলটি। রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেও দলকে জিতাতে না পারা সৌম্য সরকার এবার ব্যাটে আবারও ঝলক দেখালেন। তার ৩৩ বলে ৪৫ রানের ইনিংসে ভর করেই ঢাকা মেট্রোর বিপক্ষে জয় পেয়েছে খুলনা।

শুক্রবার রাজশাহীর বিপক্ষে সৌম্য খেলেছিলেন ৩৪ বলে ৬৩ রানের দারুণ ইনিংস। শনিবার আবারও দারুণ শুরু এনে দেন তিনি। ওপেনার ইমরানুজ্জমানের সঙ্গে ৮.৫ ওভারে তোলেন ৭১ রানের জুটি। ইমরান করেন ৩৬ রান। সৌম্য আউট হওয়ার পর ব্যাট হাতে দ্যুতি ছড়ান এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে আসে ২৬ বলে ৪৯ রান। আফিফ হোসেনও যোগ করেন ২৫ বলে ৩৩। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানে থামে খুলনা। ঢাকা মেট্রোর পেসার আবু হায়দার নেন ২ উইকেট।

ম্যাচসেরা এনামুল হক বিজয়। ছবি-এনসিএল

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয় ঢাকা মেট্রো। নাঈম শেখ ২৩ বলে ৩৩ ও আনিসুল ইসলাম ২৮ রানের ইনিংস খেললেও অন্যরা দাঁড়াতে পারেননি। শামসুর রহমান শুভ করেন ২২ রান। বাকিদের ব্যর্থতায় ১৯.১ ওভারে ১৪৯ রানেই অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো।

খুলনার হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ২২ রানে নেন ৩ উইকেট, পারভেজ জীবন ঝুলিতে ভরেন ২টি। শেষ পর্যন্ত ২২ রানের জয় নিয়ে প্রথমবারের মতো এবারের আসরে জয় দেখল খুলনা। অন্যদিকে ঢাকা মেট্রো টানা দুই দিনে হারের তেতো স্বাদ পেল।

আরও পড়ুন

×