জাকের নয়, ওয়ানডেতে সোহানেই আস্থা মিরাজের
ছবি- এসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১২:৫০
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে উইকেটকিপিং করবেন কে? এই প্রশ্নের অবসান ঘটালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টিতে জাকের আলী অনিক কিপিং করলেও ওয়ানডেতে নুরুল হাসান সোহানের ওপরই পূর্ণ আস্থা রাখছেন তিনি।
আজ আবুধাবিতে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক মিরাজ। সেখানে তিনি উইকেটকিপার নিয়ে নিজের ভাবনা পরিষ্কার করেন।
মিরাজ বলেন, ‘আমার মতে সোহানই বাংলাদেশের সেরা উইকেটরক্ষক। ওয়ানডেতে কিপিংয়ের সুযোগ ওরই বেশি থাকবে।’ অধিনায়ক হিসেবে নিজের পছন্দের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি ওকেই প্রেফার করি।’
সোহানের অভিজ্ঞতারও প্রশংসা করেন মিরাজ। তিনি মনে করেন, সুযোগ পেলে সোহান দলের জন্য বড় অবদান রাখতে পারবেন। দল নিয়ে অধিনায়ক বেশ আত্মবিশ্বাসী। তার মতে, সবাই খেলার মধ্যেই আছে। আবুধাবির কন্ডিশনও সবার পরিচিত।
আজ ৮ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
