৮৭ ধাপ এগোলেন নাসুম, সাইফের ১৭ ধাপ উন্নতি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১৫:৫৯
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের বড় পুরস্কার পেলেন বাংলাদেশের নাসুম আহমেদ ও সাইফ হাসান। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদে বোলারদের তালিকায় বিশাল লাফ দিয়েছেন সিরিজ সেরা নাসুম, আর ব্যাটারদের মধ্যে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন সাইফ।
বুধবার (৮ অক্টোবর) প্রকাশিত নতুন র্যাঙ্কিং অনুযায়ী, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ বোলারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। আফগানদের বিপক্ষে সিরিজে নিয়ন্ত্রিত বোলিং করে ৫ উইকেট শিকারের সুবাদে তার এই অসাধারণ উন্নতি।
অন্যদিকে সিরিজের শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলা সাইফ হাসান ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ এগিয়েছেন। ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ক্যারিয়ার সেরা ১৮তম স্থানে অবস্থান করছেন। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাইফ এখন সবার উপরে।
বোলারদের তালিকায় আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। টি-টোয়েন্টি বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ১৩ ধাপ এগিয়ে সেরা দশের অন্তর্ভুক্ত হয়েছেন। নিউজিল্যান্ডের টিম রবিনসন সেঞ্চুরি হাঁকিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারতের রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন। ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন কে এল রাহুল।
- বিষয় :
- আইসিসি র্যাঙ্কিং
- নাসুম আহমেদ
- সাইফ হাসান
