সোবহানার সাক্ষাৎকার
‘আমাদের বোলিং ইউনিট বিশ্বসেরা’
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মুস্তারি। ছবি: ফাইল
সেকান্দার আলী, গৌহাটি থেকে
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ১৪:২৭
বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ, সোবহানা মুস্তারিরও দ্বিতীয়। ২০২২ সালের বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলেছেন। এই চার বছরে যথেষ্ট পরিণত হয়েছেন। এখন তিনি দলের গুরুত্বপূর্ণ একজন ব্যাটার। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দুটি ম্যাচ খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে জেতা ম্যাচে অপরাজিত ২৪ রান করেন। গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৬০ রান। তিনি আশা করেন, এই বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলা উপহার দিতে পারবেন তারা। বৃহস্পতিবার গৌহাটির টিম হোটেলে সোবহানা মুস্তারি সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলীকে একান্ত সাক্ষাৎকার দেন।
সমকাল: ইংল্যান্ডের বিপক্ষে জিততে না পেরে আক্ষেপ হচ্ছে?
সোবহানা: আফসোস অবশ্যই হচ্ছে। আমাদের বোলিং খুব ভালো হচ্ছিল। হিথার নাইটের আউটটা দিলে ম্যাচটা হয়তো জিতে যেতাম। দুর্ভাগ্যবশত ম্যাচটা আমরা হেরে গেছি। যেটা হয়ে গেছে সেখানে পড়ে থাকার কোনো মানে হয় না। শেষ দুই ম্যাচের ভুলগুলো শুধরে এখন সামনের ম্যাচের জন্য এগিয়ে যেতে হবে।
সমকাল: বিশ্বকাপ কোয়ালিফাইং টুর্নামেন্টে পাকিস্তানের কাছে হেরেছিলেন। বিশ্বকাপ ম্যাচে সেই পাকিস্তানকে উড়িয়ে দিলেন। এই প্রেরণা কোথা এলো?
সোবহানা: বাছাই টুর্নামেন্টে পাকিস্তানের কাছে হারার পর আমাদের খারাপ লেগেছে। কারণ পাকিস্তানের সঙ্গে যতবার খেলেছি বেশির ভাগ ম্যাচ আমরা জিতেছি। গত ওয়ানডে বিশ্বকাপে (২০২২) তাদের হারিয়েছি। বাংলাদেশে যে সিরিজ হয়েছে সেখানে টি২০, ওয়ানডে দুই সিরিজই জিতেছি। তাই বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমাদের চেষ্টা ছিল নিজেদের ভালোভাবে প্রস্তুত করা। যে ভুলত্রুটি ছিল সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি গত পাঁচ মাসে। বিশ্বকাপের প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে হওয়ায় প্রস্তুতিটা সেভাবে নেওয়া ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী ভালো ক্রিকেট খেলে পাকিস্তানকে হারিয়েছি। যেহেতু বোলিং করেছি আমাদের লক্ষ্য ছিল এক-দুই ওভারের মধ্যে উইকেট নেওয়া। সেটা আমরা করতে পেরেছি বিধায় ম্যাচটি অনেক সহজ হয়ে গিয়েছিল।

সমকাল: বাংলাদেশ কোন জায়গায় শক্তিশালী?
সোবহানা: অবশ্যই আমাদের শক্তির জায়গায় বোলিং ও ফিল্ডিং। যেটাতে আমরা সবসময়ের জন্যই ভালো করে আসছি। আমাদের বোলিং বিশ্বমানের। মারুফা আক্তার খুবই ভালো করছে। স্পিনার আছে অনেকগুলো। নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা আক্তার আপু দুর্দান্ত বোলিং করেছে। এই বিশ্বকাপে আমাদের বোলিং বিভাগকে এগিয়ে রাখব।
সমকাল: বাংলাদেশ কি ব্যাটিংয়ে একটু দুর্বল? ব্যাটাররা কি অনেক বেশি ডট খেলে?
সোবহানা: আমার মনে হয়, আমরা ওয়ানডে ক্রিকেটে অনেক ভালো টি২০ ক্রিকেট থেকে। বিশেষ করে, আমরা ওয়ানডে অনেক ভালো খেলছি কয়েক বছর ধরে। একটা-দুইটা ম্যাচে হয়তো ডট হয়ে গেছে শুরুতে উইকেট পড়ায়। যে-ই সেট হোক না কেন তাঁকে তো ধরে খেলতে হয়। ম্যাচের শেষপর্যন্ত যেতে হয়। আমরা ডট বল কমিয়ে আনার জন্য কাজ করছি। কীভাবে স্ট্রাইক রোটেট করে ইনিংস বড় করা যায়, সেদিকে মনোযোগ দিচ্ছি। সামনের ম্যাচ থেকেই ডট কম খেলার চেষ্টা করব।
সমকাল: ২০২৪ সালে খুব ভালো খেলেননি আপনারা। দেশের মাঠেও ভালো করতে পারছিলেন না। বিশ্বকাপে অন্যরকম একটি দল খেলছে। এই ভালো খেলার পেছনে রহস্য কী?
সোবহানা: মোটিভেশন হলো টিম ইউনিটি। পাঁচ মাস ধরে টানা ক্যাম্প করছি। একসঙ্গে থাকা, খাওয়া ঘোরাফেরা করছি। ফলে নিজেদের মধ্যে একটি বোঝাপড়া তৈরি হয়েছে। আমরা জানি, আমাদের লক্ষ্য কী। একটি দলে ১৫ থেকে ২০ জন অনেক দিন ধরে একসঙ্গে থাকলে একতা অনেক ভালো হয়। আমি বলব, একতাই আমাদের ভালো খেলার প্রেরণা। যেটা আমরা এই বিশ্বকাপে ইতোমধ্যে দেখাতে পেরেছি। সেটা বোলিং ইউনিটে হোক বা ব্যাটিং ইউনিটে। যে যেভাবে পারছে, অবদান রাখছে।
সমকাল: আপনার ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে জানতে চাই।
সোবহানা: আমার ব্যক্তিগত মিশন হচ্ছে বিশ্বকাপে আমার দল কী চাচ্ছে, সেটাকে অগ্রাধিকার দেওয়া। যেহেতু আমি ব্যাটার, চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে ভালো জায়গায় থেকে বিশ্বকাপ শেষ করা। যেভাবে রোল দেওয়া থাকবে এবং দলের প্রয়োজন হবে, সেভাবে খেলতে চাই।
সমকাল: দেশে তো খুব ভালো উইকেটে খেলার সুযোগ কম পান। বিশ্বকাপের উইকেটগুলো কি ভালো হচ্ছে?
সোবহানা: বাংলাদেশের থেকে কিছুটা ভালো। দেশে ভিন্ন ভিন্ন উইকেটে খেলেছি। কখনও স্পিন ট্র্যাকে খেলেছি, কখনও ব্যাটিং ট্র্যাকে। সেদিক থেকে বলব, সব ধরনের উইকেটে খেলার প্র্যাকটিস আছে আমাদের। এখানে যে উইকেটে খেলা হচ্ছে, তাকে স্পোর্টিং বলা যায়। আমাদের বোলাররা এত ভালো বোলিং করছে যে ব্যাটিং উইকেট হলেও প্রতিপক্ষকে বড় স্কোর করতে দিচ্ছে না।
সমকাল: টপঅর্ডার কি ভালো করছে?
সোবহানা: টপঅর্ডারে আছেন সুপ্তা আপু, ঝিলিক আপু, জ্যোতি আপু ও আমি। জ্যোতি আপু সব সময় ভালো ইনিংস খেলেন। ঝিলিক আপুর ওয়ানডে অভিষেক হয়েছে বিশ্বকাপ দিয়ে। সবাই অনেক ভালো ফর্মে আছেন। এক-দুইটা ম্যাচ অন্যরকম যেতেই পারে। ব্যাটারদের লাইফে এটা যায়। একজন ব্যাটার ৫০ ওভার টিকে থাকলে বড় ইনিংস হবে। টুকটাক অবদান সবাই রাখছে। আমার কাছে মনে হয়, যেদিন আমরা টপঅর্ডার ব্যাটাররা ভালো ইনিংস খেলতে পারবে, সেদিন যে কোনো দলকে হারাতে পারব।
সমকাল: ব্যক্তিগতভাবে কাউকে অনুসরণ করেন?
সোবহানা: বিরাট কোহলির ব্যাটিং ভালো লাগে। তাঁর ব্যাটিং দেখার চেষ্টা করি। মেয়েদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ওলভার্ড আছেন। তাঁকে আমার ভালো লাগে।
- বিষয় :
- নারী বিশ্বকাপ
- সাক্ষাৎকার
- সোবহানা মুস্তারি
