ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তবু তিনশ’ ছোঁয়া রান আফগানদের 

তবু তিনশ’ ছোঁয়া রান আফগানদের 
×

শট খেলার সময় মোহাম্মদ নবী। ছবি: এসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ২১:৪৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ | ০০:৫২

আবুধাবির উইকেটে শুরুতে ব্যাটিং সহজ হয়। টস জিতে আফগানিস্তান তাই ব্যাটিং করতে ভুল করেনি। প্রত্যাশা মতো ওপেনিংয়ে ৯৯ রানের জুটি পায় তারা। দ্বিতীয় উইকেটে আসে ৭৪ রান। এরপরই সাইফ হাসানের গোল্ডেন আর্মে ম্যাচে ফেরে বাংলাদেশ। মোমেন্টাম কাজে লাগান তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। কিন্তু স্লগে মোহাম্মদ নবীকে আটকাতে পারেনি বাংলাদেশ। তার ঝড়ে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করেছে আফগানিস্তান।

মঙ্গলবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে চার পরিবর্তন এনে বোলিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দারুণ ভিত্তি দিয়ে ফিরে যান। ৪২ রানের ইনিংস খেলেন তিনি। বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম তাকে ফেরান। তিনে নামা সাদেকুল্লাহ আতাল ২৯ রান যোগ করে সাইফের বলে ফিরে যান। পরেই পার্ট টাইম স্পিনার সাইফ আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদীকে (২) আউট করেন।

সেঞ্চুরির পথে থাকা ইব্রাহিম জাদরান রান আউট হলে স্বস্তি ফেরে বাংলাদেশ দলে। ওপেনার ইব্রাহিম ১১১ বলে ৯৫ রান করেন। সাতটি চার ও দুটি ছক্কা মারেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও ৯৫ রান করে আউট হয়েছিলেন জাদরান। এরপর পাঁচে নামা ইকরাম আলী খিল (২) আউট হলে ১৮৮ রানে ৫ উইকেট হয়ে যায় আফগানরা। বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল আড়াইশ’র পরই তাদের অলআউট করে দেওয়ার।

রশিদ খান দলের ২২১ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হলে অলআউট করার সুযোগ আসে। ২৪৯ রানে পরপর অষ্টম ও নবম উইকেট হারায় আফগানরা। সেখান থেকে ৪৯তম ওভারে ২৫ নেন নবী। দুই বল করে নাহিদ রানা মাঠ ছাড়লে পরের চার বল করে তিন ছক্কা খান মেহেদী মিরাজ। হাসান মাহমুদের শেষ ওভারে ১৯ রান নিয়ে ৩৭ বলে ৬২ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেন নবী। চারটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান।

নিয়মিত পেসার কিংবা স্পিনাররা ভালো বোলিং করতে পারেনি। নাহিদ রানাকে সুযোগ দিলেও গতি ভিন্ন কিছু দেখাতে পারেননি তিনি। ৯.২ ওভারে ৫৬ রান খরচ করেন। হাসান মাহমুদ ৬ ওভারে ৫৭ রান দেন। তার প্রাপ্তি কেবল দুই উইকেট। বাঁ-হাতি স্পিনার তানভীর ১০ ওভারে ৪৬ রান দিয়ে নেন ২ উইকেট। পার্ট টাইম স্পিনার সাইফ হাসান ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নিলেও অধিনায়ক মিরাজ সুবিধাই করতে পারেননি। তিনি ৯.৪ ওভারে ৬৭ রান দিয়ে ১ উইকেট নেন। রিশাদ হোসেন ১০ ওভারে ৪৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। 

আরও পড়ুন

×