ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আফগানিস্তানে হামলা

ত্রিদেশীয় সিরিজ বর্জন, পিএসএল ছাড়ার হুমকি রশিদের

ত্রিদেশীয় সিরিজ বর্জন, পিএসএল ছাড়ার হুমকি রশিদের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ১৭:৫২

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাকিস্তানের হামলাকে ‘বর্বরোচিত’ এবং ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান। শুধু তাই নয়, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বর্জনেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

নিহত তিন ক্রিকেটার হলেন কবির, সিবগাতুল্লাহ এবং হারুন। এসিবির বিবৃতির পর নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রশিদ খান লেখেন, ‘আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন নারী, শিশু এবং তরুণ ক্রিকেটাররা। যারা একদিন বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিলেন।’

তিনি আরও যোগ করেন, ‘বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো সম্পূর্ণ নীতিবিবর্জিত এবং বর্বরতাপূর্ণ কাজ। এ ধরনের হামলা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।’

বোর্ডের সিরিজ বর্জনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রশিদ বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। জাতীয় মর্যাদার চেয়ে বড় কিছু হতে পারে না।’

এই ঘটনার পর পিএসএলে তার দল লাহোর কালান্দার্সের প্রতিও নিজের অবস্থান স্পষ্ট করেছেন রশিদ। অতীতে সামাজিক মাধ্যমে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ট্যাগ ব্যবহার করলেও, এই ঘটনার পর তিনি লাহোরের ট্যাগ সরিয়ে ফেলেন। বলার অপেক্ষা রাখে না, এটা পাকিস্তানের প্রতি তারকা ক্রিকেটারের আরও একটি প্রতিবাদ। ২০২০ সাল থেকে লাহোরের হয়ে খেলছিলেন তিনি।

আরও পড়ুন

×