ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট-টোয়েন্টি’, খেলা হবে যেভাবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ১৯:০৪
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির বাইরে এবার ক্রিকেটে যোগ হচ্ছে নতুন ফরম্যাট ‘টেস্ট-টোয়েন্টি’। টেস্টের গভীরতা ও টি-টোয়েন্টির গতি মিলিয়ে একেবারে অভিনব এক সংস্করণ আনছে আয়োজক সংস্থা ওয়ান ওয়ান সিক্স নেটওয়ার্ক।
সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাটের ঘোষণা দেন সংস্থাটির কার্যনির্বাহী চেয়ারম্যান ও ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরওয়ানি। তার সঙ্গে ছিলেন সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন, হরভজন সিং ও স্যার ক্লাইভ লয়েড।
এই ফরম্যাটে একটি ম্যাচে থাকবে ৮০ ওভার, তবে খেলা হবে চার ইনিংসে। প্রতিটি দল ব্যাট করবে দুইবার করে, টেস্ট ম্যাচের মতোই। প্রতিটি ইনিংস হবে ২০ ওভার করে। দুই ইনিংসের রান যোগ করেই নির্ধারিত হবে ম্যাচের ফল। যেখানে জয়, পরাজয়, ড্র সবকিছুই সম্ভব। শেষ ইনিংসে ব্যাটিং করা দল যদি শেষ বল পর্যন্ত অন্তত পাঁচটি উইকেট হাতে রাখে, তবেই ম্যাচ ঘোষণা করা হবে ড্র। তবে ড্র হলে দর্শক বিনোদনের জন্য থাকবে সুপার ওভার।
প্রতিটি দল পাবে একবার পাওয়ারপ্লে নেওয়ার সুযোগ। চার ওভারের এই সময়টায় ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র দুই ফিল্ডার রাখা যাবে। অধিনায়ক চাইলে প্রথম ইনিংসেই নিতে পারেন, আবার রেখে দিতে পারেন দ্বিতীয় ইনিংসের জন্য।
ফলোঅন থাকছে এখানেও, তবে ব্যবধান হবে মাত্র ৭৫ রান (টেস্টে যেখানে ২০০)। এছাড়া আছে এক অভিনব নিয়ম ‘আর্লি কলাপ্স ক্লজ’। কোনো দল যদি প্রতিপক্ষকে প্রথম ইনিংসে ১০ ওভারের কমে অলআউট করতে পারে, তবে তারা নিজেদের ইনিংসে ৩ ওভার অতিরিক্ত খেলতে পারবে। একজন বোলার দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ৮ ওভার করতে পারবেন।
নতুন ফরম্যাটের এই ক্রিকেট খেলাটি শুরু হবে জুনিয়র টেস্ট-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ নামে। প্রথম মৌসুমে খেলবে ১৩ থেকে ১৯ বছর বয়সী ক্রিকেটাররা। আয়োজক থাকবে ভারত। ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে প্রথম মৌসুম। প্রথম আসরে অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল। দুবাই, লন্ডন, যুক্তরাষ্ট্রের একটি শহর এবং ভারতের তিন শহরের দল।
দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডি ভিলিয়ার্স এই প্রকল্পে যুক্ত হয়ে বলেন, ‘এই ফরম্যাট টেস্ট ক্রিকেটকে প্রতিস্থাপন নয়, বরং পুনরায় কল্পনা করার প্রচেষ্টা। এখানে একসঙ্গে থাকবে ধৈর্য, শক্তি, সৃজনশীলতা আর গতি।’
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেইডেন বলেন, ‘একদিনে ৮০ ওভারের খেলা দুই দুনিয়ার সেরা দিককে একত্রে নিয়ে আসছে। তরুণদের সুযোগ তৈরিতে এটি হবে দারুণ উদ্যোগ।’
অন্যদিকে স্যার ক্লাইভ লয়েড মনে করেন, ‘টেস্ট-টোয়েন্টি ফিরিয়ে আনবে ক্রিকেটের শিল্প ও ছন্দ, রাখবে আধুনিক যুগের তেজ। খেলা বদলাচ্ছে, কিন্তু এমন চিন্তাশীল রূপান্তর আগে দেখা যায়নি।’
- বিষয় :
- টেস্ট ক্রিকেট
- টি-টোয়েন্টি সিরিজ
