বয়কট করা ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসবেন মিঠুন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ২০:০৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবগুলোর বয়কট কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে দেশের ঘরোয়া ক্রিকেট। এই অচলাবস্থা নিরসনে এবার মাঠে নামছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ক্রিকেটারদের আর্থিক অনিশ্চয়তার কথা ভেবে বয়কটকারী ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে আবাহনী-মোহামেডানের মতো ৪৮টি ক্লাব লিগ বর্জনের ঘোষণা দেওয়ায় তৃতীয় বিভাগসহ অন্যান্য লিগ শুরু হতে পারছে না। এতে প্রায় দুই হাজার ক্রিকেটারের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমে কোয়াব সভাপতি মিঠুন জানিয়েছেন, ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর তারা বৈঠকে বসতে রাজি হয়েছে। আগামীকাল (১৯ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মিঠুন বলেন, ‘বোর্ড ও ক্লাবের দ্বন্দ্বে আমরা যেতে চাই না। আমাদের একমাত্র লক্ষ্য খেলাটাকে মাঠে ফেরানো। কারণ কোনো সমস্যার কারণে ক্রিকেটাররা ভুক্তভোগী হতে পারে না। প্রায় দুই হাজার পরিবার এই লিগগুলোর ওপর নির্ভরশীল। ক্লাবগুলো আমাদের সঙ্গে বসতে রাজি হওয়ায় আমরা ইতিবাচক সমাধানের আশা করছি।’
- বিষয় :
- মোহাম্মদ মিঠুন
- কোয়াব
- বিসিবি
