২২৩ দিন পর ফিরে রোহিত ৮, কোহলি মারলেন ‘ডাক’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ১৪:২২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ | ১৪:২৪
দীর্ঘ ২২৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা দুঃস্বপ্নের মতো হলো ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুজনই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রোহিত শর্মা ফিরেছেন মাত্র ৮ রান করে, আর বিরাট কোহলি ৮ বল খেলেও রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন।
পার্থে আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই অজি পেসারদের তোপের মুখে পড়ে ভারত। জশ হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন রোহিত। এরপরই মাঠে নামেন কোহলি। কিন্তু মিচেল স্টার্কের বলে ড্রাইভ করতে গিয়ে কভারে ক্যাচ দিয়ে শূন্য রানেই বিদায় নেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ৩০টি ওয়ানডে খেলার পর এই প্রথমবার ‘ডাক’ মারলেন কোহলি।
শুধু দুই অভিজ্ঞ ব্যাটারই নন, এদিন ব্যর্থ হয়েছেন ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিলও। তিনি ১৮ রান করে আউট হন। তারকাবহুল টপ অর্ডারের এমন ব্যর্থতায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া রোহিত ও কোহলি সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন চলতি বছরের ৯ মার্চ। দীর্ঘ বিরতির পর ওয়ানডে ফরম্যাটে তাদের এই ফেরাটা স্মরণীয় হলো না।
- বিষয় :
- বিরাট কোহলি
- রোহিত শর্মা
