ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উইকেটের সামনে ঢাল হলেন মুস্তাক

উইকেটের সামনে ঢাল হলেন মুস্তাক
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ১১:৪৩

টিভি টক শো থেকে শুরু করে ইউটিউব চ্যানেল ভিউজিয়াল মাধ্যমে একটাই আলোচনা মিরপুরের উইকেট। এ মুহূর্তে আলোচনার হট টপিক শেরেবাংলা স্টেডিয়ামের কালো পিচ। কেউ বলছেন ধান ক্ষেতে খেলা হচ্ছে। কেউ বা টার্নিং উইকেট নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন। কালো পিচ নিয়ে দেশের মানুষের আগ্রহ দেখে খোদ ওয়েস্ট ইন্ডিজ দলও বিস্মিত। উইকেট নিয়ে ক্যারিবীয়রা একেবারেই সমালোচনা করছেন না। এই ইস্যুতে কথা বলার ক্ষেত্রে শোভন ভাষা ব্যবহার করছেন তারা। 

ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, এ রকম কালো পিচের উইকেট জীবনেও দেখেননি। ভালো-খারাপের কোনো বিষয় ছিল না তাঁর কথায়। গতকালও ক্যারিবীয় দল থেকে কোনো আপত্তি তোলা হয়নি। সবকিছু দেখে বাংলাদেশের স্পিন কোচ মুস্তাক আহমেদ টার্নিং উইকেটে খেলার পক্ষে মত দিয়েছেন।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে ব্যাটিংবান্ধব উইকেটে খেলা হয়েছিল। যেখানে ৩০০ রানও নিরাপদ ছিল না। বোলারদের জন্য কোনো সুবিধা রাখা ছিল না উইকেটে। ওই কন্ডিশন নিয়ে কেউ প্রশ্ন না তুললেও মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার ঝড় ওঠা নিয়মিত বিষয়। কুচকুচে কালো মাটির পিচ সমর্থকদের রুচি নিতে পারছে না হয়তো। যদিও এখানে মাটির রং মুখ্য নয়, উইকেটের চরিত্র গুরুত্বপূর্ণ। সে বৈশিষ্ট্য ছাপিয়ে সমালোচনার বিষয় হয়ে গেছে উইকেটের কালো রং! এই সমালোচকদের জন্য মুস্তাকের বার্তা হলো, ‘আমার ক্যারিয়ারে অনেকবার খেলেছি এমন উইকেটে। অনিল কুম্বলে যে ম্যাচে ইনিংসে ১০ উইকেট পেলেন, দিল্লিতে, সেই উইকেট এর চেয়েও খারাপ ছিল।’

ওয়েস্ট ইন্ডিজেও স্পিন ট্র্যাকে খেলা হয়। ভারত দেশের মাটিতে খেলে স্পিন উইকেট বানিয়ে। এ ধরনের স্পিন ট্র্যাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ব্যাটারদের। লিটন কুমার দাস তো মিরপুরের উইকেটে খেলতেই চান না। তবে একবার কন্ডিশনে নিজেকে ভালোভাবে মানিয়ে নিলে মিরপুরের টার্নিং উইকেটও রান করা সম্ভব। 

এই চ্যালেঞ্জ সম্পর্কে মুস্তাকের মতামত হলো, ‘সত্যি বলতে এ ধরনের উইকেটে খেলা অত সহজ না। আমার কোচিং দর্শন হলো, আস্থার সঙ্গে প্রক্রিয়া অনুসরণ করে যেতে হবে। এরকম উইকেট কখনও আরামে খেলার সুযোগ দেবে না। যেমন রিশাদ এখানে দুর্দান্ত বল করেছে। সে ধারাবাহিকভাবে ভালো লাইন-লেন্থে বল করে গেছে। এখন সে লম্বা সময় ধরে ভালো বল করতে পারে।’ টার্নিং উইকেট ব্যাটারদের মতো বোলারদের জন্যও চ্যালেঞ্জিং বলে মনে করেন টাইগারদের এই কোচ।

আরও পড়ুন

×