কে হচ্ছেন শাহরুখের কলকাতার নতুন কোচ
অভিষেক নায়ারের সঙ্গে কেকেআরের অধিনায়ক রাহানে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ১৭:০৩
চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হয়েছে গত আসরে। এরপর থেকে নতুন প্রধান কোচের খোঁজে ছিলেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যানসহ বিভিন্ন নাম শোনা যাচ্ছিল। তবে ঝুঁকি না নিয়ে সম্ভবত অভিষেক নায়ারের হাতেই দলের দায়িত্ব তুলে দিচ্ছেন কেকেআর কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাবেক ভারতীয় সহকারী কোচ অভিষেক নায়ারকে কেকেআরের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। গত সপ্তাহে নায়ারকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ নায়ারের কেকেআরের কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছে।
নায়ার ২০১৮ সাল থেকে কেকেআরের সঙ্গে যুক্ত আছেন। প্রথমে তিনি মুম্বাইতে কেকেআর একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। যেখান থেকেই রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তীর মতো তরুণ প্রতিভারা জাতীয় দলে এসেছেন। পরে তিনি দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান এবং চন্দ্রকান্ত পন্ডিতের কোচিং স্টাফের সদস্য হিসেবে আইপিএল ২০২৪ শিরোপা জয়েও ভূমিকা রাখেন। তবে হতাশাজনক ২০২৫ মৌসুমের পর চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি কেকেআর।
এদিকে, গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ নিযুক্ত হওয়ার পর নায়ারকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের ব্যর্থতার পর তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সিতাংশু কোটাক নতুন ব্যাটিং কোচ হন।
- বিষয় :
- কলকাতা নাইট রাইডার্স
