ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ম্যাচ শেষের উত্তেজনাকে ‘স্বাস্থ্যকর খুনসুটি’ বললেন আলোনসো

ম্যাচ শেষের উত্তেজনাকে ‘স্বাস্থ্যকর খুনসুটি’ বললেন আলোনসো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ১৪:০১

কোচ হিসেবে নিজের প্রথম এল ক্লাসিকো জয়ের পর উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ বস জাভি আলোনসো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয়টিকে তিনি ‘শুধু তিন পয়েন্টের চেয়েও বেশি কিছু’ হিসেবে দেখছেন। তার মতে, এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘এই জয়টা গুরুত্বপূর্ণ। এটা শুধু তিন পয়েন্ট নয়। আমাদের এখনও অনেক পথ বাকি। আমরা যা চেয়েছিলাম সেটাই পেয়েছি। বড় ম্যাচে জেতার এই অনুভূতিটা ছেলেদের জন্য দরকার ছিল। আমি তাদের জন্য খুবই খুশি।’

দলের পারফরম্যান্স ও কৌশল নিয়ে আলোনসো বলেন, ‘আমরা প্রতিপক্ষকে ভালোভাবে প্রতিহত করেছি। আমরা অনেক সুযোগ তৈরি করেছি। মাঠে ছেলেরা খেলাটা উপভোগ করছিল। সমর্থকদের এটা দেখা দরকার ছিল যে তাদের দল বড় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারে। এই সংযোগটা জরুরি এবং আজ আমি সেটা অনুভব করেছি।’

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবং ইয়ামালকে করা কারভাহালের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন করা হলে আলোনসো বিষয়টিকে হালকাভাবেই দেখেন। তিনি বলেন, ‘এটা খেলারই অংশ, মুহূর্তের উত্তেজনা। এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই। অতীতে ক্লাসিকোতে এমন অনেক কিছুই ঘটেছে। এটাকে স্বাস্থ্যকর খুনসুটি হিসেবেই দেখছি।’

একইভাবে ভিনিসিয়ুস জুনিয়রকে তুলে নেওয়ার সময় তার প্রতিক্রিয়া নিয়েও চিন্তিত নন আলোনসো। তিনি জানান, দলে বিভিন্ন ব্যক্তিত্বের খেলোয়াড় থাকে এবং এসব বিষয় ড্রেসিংরুমেই সমাধান করা হবে।

জয় উপভোগ করলেও এখনই আত্মহারা হতে নারাজ রিয়াল কোচ। তিনি বলেন, ‘এখনও অনেকটা পথ বাকি। আজকের দিনটা উপভোগ করো এবং শান্ত থাকো। মঙ্গলবার থেকেই আমরা পরের ম্যাচ নিয়ে ভাবব।’

আরও পড়ুন

×