ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রিয়ালের জয় ছাপিয়ে ভিনির ক্ষোভ, বাড়ছে দল ছাড়ার গুঞ্জন?

রিয়ালের জয় ছাপিয়ে ভিনির ক্ষোভ, বাড়ছে দল ছাড়ার গুঞ্জন?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ১৪:৫৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ | ১৫:০৭

টানা চার এল ক্লাসিকো হারের পর গত রাতে বার্সেলোনাকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ৭২ মিনিটে ভিনিসিয়ুসকে তুলে রদ্রিগোকে মাঠে নামান আলোনসো। তবে এটি যেন মানতেই পারেননি ব্রাজিলিয়ান তারকা। মাঠ ছাড়ার সময় কোচের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তার। পাশাপাশি তার ‘দল ছেড়ে দেওয়ার’ হুমকি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিনির এমন কাণ্ডে ক্লাসিকো জয়ের রাতটি পুরোপুরি উৎসবমুখর হল না রিয়ালের।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিনিকে বদলি করার সময় অবাক হয়ে  জিজ্ঞেস করেন, ‘আমি?’।  হ্যাঁ সূচক জবাব পেয়েই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। মাঠ ছাড়ার সময় অশ্লীল শব্দ ব্যবহারের পাশাপাশি ভিনি কোচের উদ্দেশ্যে বলেন, ‘তাহলে দলই ছেড়ে যাচ্ছি। ভালো জায়গা আছে আমার জন্য।’

আলোনসো তাকে শান্ত করার চেষ্টা করলেও ভিনি ডাগআউটে না বসে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। যদিও কিছুক্ষণ পর ফিরে আসেন এবং ম্যাচ শেষের হাতাহাতিতে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন।

ম্যাচ শেষে ভিনির এমন উদ্ধত আচরণ নিয়ে কোচ আলোনসোকে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি হালকা করার চেষ্টা করেন। আলানসো বলেন, ‘ভিনির চরিত্র? যে কোনো ড্রেসিংরুমেই ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষ থাকে। অবশ্যই ভিনির আচরণ আমার চোখে পড়েছে। আপাতত আমরা এই জয়ের আনন্দ উপভোগ করব, তারপর অবশ্যই ওর সঙ্গে বসে কথা বলব।’

যদিও এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ কম। এই মৌসুমে ভিনিসিয়ুস ফিট থাকা সত্ত্বেও আলানসো তাকে তিন ম্যাচে একাদশের বাইরে রেখেছেন। তার চুক্তির মেয়াদও শেষের দিকে।

এর মধ্যেই স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গুঞ্জন উস্কে দিয়েছেন। তার মতে, এই মৌসুমে ভিনির মনে হয়েছে ক্লাব তাকে রক্ষা করছে না। এমন কিছু গুঞ্জন আছে যা হয়ত রিয়াল ছড়িয়েছে বা অস্বীকার করছে না যে, ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলে ছেড়ে দেয়া হবে তাকে। এমন সময়ে ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে ওকে তুলে নেয়াতেই মেজাজ হারায় ভিনি। আর প্রশ্ন করে, সবসময় আমিই কেন?

আরও পড়ুন

×