ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

উইন্ডিজের কাছে হেরে যে আক্ষেপ তানজিমের

উইন্ডিজের কাছে হেরে যে আক্ষেপ তানজিমের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১১:১২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ের খুব কাছে গিয়েও ১৬ রানের হার। শেষদিকে নাসুম আহমেদের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন পেসার তানজিম হাসান সাকিব। কিন্তু ২৭ বলে ৩৩ রানের লড়াকু ইনিংস খেলে আউট হয়ে যান তিনি। শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জেতাতে না পারার আক্ষেপ তাই পোড়াচ্ছে তাকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানালেন, একজন সেট ব্যাটার উইকেটে থাকলে এই ম্যাচ জেতা সম্ভব ছিল।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ রানেই ৪ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তানজিম বলেন, ‘আমাদের বেশিরভাগ ব্যাটসম্যানই সেট হওয়ার আগেই আউট হয়ে গেছে। তারা যদি দায়িত্ব নিয়ে খেলাটা আরেকটু গভীরে নিয়ে যেতে পারত, তাহলে ম্যাচটা হয়তো ভিন্ন হতো।’

সপ্তম উইকেটে নাসুম আহমেদের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তানজিম। শেষদিকে শিশিরের কারণে ব্যাটিং সহজ হয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘যদি একজন সেট ব্যাটার থাকত, তাহলে শেষ দুই ওভারে ৩০ রান তোলা অসম্ভব ছিল না। নাসুম ভাইয়ের সঙ্গে ব্যাট করতে ভালো লাগছিল। ইচ্ছে ছিল শেষ পর্যন্ত থেকে ম্যাচটা শেষ করতে। সেটা না পারায় আফসোস থাকবেই।’

টপ ও মিডল অর্ডারের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে তানজিম বলেন, ‘মিডল অর্ডার নিয়ে অবশ্যই চিন্তার কারণ আছে। তারা যদি আরেকটু ডিপ (গভীর) করত খেলাটা...চাইলেই এক-এক করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম।’

তবে দলের বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা মেনে বোলিং করি। মুস্তাফিজ, নাসুম, রিশাদ, তাসকিন সবাই খুব ভালো বল করেছে। এ কারণেই আমাদের বোলিং ইউনিট ধারাবাহিকভাবে ভালো করছে।’

আরও পড়ুন

×