বিপিএলে দুর্নীতির তথ্য পেয়েছে বিসিবির তদন্ত কমিটি
বিপিএলের ১১তম আসরের ব্যানার। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ২১:৪২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে বেশ কিছু সন্দেহজনক ঘটনা ঘটেছিল। ইচ্ছাকৃত নো বল করা, বড় ওয়াইড দেওয়া, ধীর ব্যাটিংয়ে ম্যাচ হারার মতো অভিযোগ ছিল ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়ের বিরুদ্ধে। বিষয়টির তদন্ত করতে বিসিবি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল। বিসিবি জানিয়েছে, তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে বেশ কিছু দুর্নীতির তথ্য পেয়েছে কমিটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, স্বাধীন তদন্ত কমিটি ৯০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন বোর্ডের কাছে দাখিল করেছে। প্রতিবেদনে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু দুর্নীতির ঘটনার কথা কমিটি উল্লেখ করেছে। বিপিএল পরিচালনায় অনেক ঘাটতির কথা বলা হয়েছে এবং আগামীতে যাতে সুষ্ঠুভাবে বিপিএল পরিচালনা করা যায়, সেজন্য কিছু পরামর্শ দিয়েছে।
এছাড়া তদন্ত কমিটি কিছু আইনী প্রস্তাব দিয়েছে। যার মধ্যে বিসিবির প্রাতিষ্ঠানিক পুর্নগঠন, ফ্র্যাঞ্চাইজির নীতিগত সম্পতিপত্র পুর্নগঠন, খেলোয়াড়দের সুরক্ষা বাড়ানো, ঝুঁকি পর্যবেক্ষণ প্রক্রিয়া উন্নত করা এবং গণযোগাযোগ কাঠামো বাড়ানোর কথা বলা হয়েছে।
স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে বিসিবি জানিয়েছে, তদন্ত একটি চলমান প্রক্রিয়া। যে কারণে তদন্তের সততা রক্ষার্থে এখনই সুর্নিদিষ্ট কোন অভিযোগ নিয়ে বিসিবি থেকে আপাতত কোন মন্তব্য করা হবে না। তদন্ত কমিটির প্রতিবেদনের বিবরণীও প্রকাশ করবে না। বোর্ড কমিটির সুপারিশগুলো বিবেচনা করবে এবং আইসিসির দুর্নীতি দমন ধারা মেনে, যে সমস্ত জায়গায় আরও তদন্ত দরকার সেখানে তদন্ত করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিসিবি একজন স্বাধীন চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) নামে একটি স্বাধীন ইউনিট প্রতিষ্ঠা করেছে। বিসিবি স্বচ্ছ, নিয়ম-ভিত্তিক সংস্কার এবং খেলোয়াড়, কর্মকর্তা ও ভক্তদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত কমিটিকে ধন্যবাদ দিয়ে বিসিবি জানিয়েছে, তারা মনে করছে কমিটি স্বাধীনভাবে তদন্ত করেছে এবং তথ্যনির্ভর প্রতিবেদন দাখিল করেছে।
