‘ভালো ফিল্ডিং না করেও ওরা জিতে যাচ্ছে’, আক্ষেপ লিটনের
ব্যাটিংয়ের সময় তানজিদ তামিম ও জাকের আলী। ছবি: মো. রাশেদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ২২:০৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ২২:১০
প্রথম টি-২০ ম্যাচেও ক্যাচ মিস করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফিল্ডিং মিসেও কিছু রান দিয়েছিল তারা। এরপরও ১৬৬ রান করতে পারেনি বাংলাদেশ। হেরেছিল ১৬ রানে। দ্বিতীয় ম্যাচে চারটি ক্যাচ ফেলেছে সফরকারী ক্যারিবীয়রা। তারপরও ১৫০ রানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। হেরেছে ১৪ রানে।
বোলাররা ভালো বোলিং করার পরও এবং প্রতিপক্ষ ভালো ফিল্ডিং না করলেও হারছে হচ্ছে; এজন্য দুঃখবোধ হচ্ছে টি-২০ দলের অধিনায়ক লিটন দাসের। ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে টি-২০ অধিনায়ক বলেন, ‘গত ২-৩ সিরিজে বোলাররা ভালো করেছেন। বোলারদের জন্য আমি সত্যিই দুঃখিত। তারা ভালো করছে, কিন্তু আমরা ব্যাটাররা ম্যাচ শেষ করতে পারছি না।’
চট্টগ্রামে ১৫০ রান বড় কোন লক্ষ্য নয় বলেও মন্তব্য করেছেন লিটন। ব্যাটাররা সেট হয়ে আউট হয়ে যাওয়ায় ফল পক্ষে আসেনি বলে মনে করেন তিনি, ‘যখনই কেউ সেটেল হয়েছে, আউট হয়ে গেছে। আমি ইনিংসজুড়ে ব্যাটিং করতে পারলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। তারা ভালো বোলিং করেছে। তবে দুই ম্যাচেই ভালো ফিল্ডিং করেনি, তারপরও তারা জিতে যাচ্ছে।’
ক্যাচ মিস করার পরও ম্যাচ জিততে পারায় খুশি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ, ‘ক্যাচ ম্যাচ জেতায়, আমরা ফিল্ডিংয়ে ভালো করতে পারিনি। তারপরও শেষ টানতে পেরেছি। দিন শেষে জয়টাই মানুষ মনে রাখে। ওয়ানডে হারের ধাক্কা খেলোয়াড়রা সামলে উঠেছে দেখে ভালো লাগছে।’
- বিষয় :
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
- জাকের আলী
- লিটন দাস
