ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এনসিএল

অংকন-মজিদের সেঞ্চুরি, ৯২ রানে থামলেন মুমিনুল

অংকন-মজিদের সেঞ্চুরি, ৯২ রানে থামলেন মুমিনুল
×

অংকন-মজিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ১৯:৫২

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনটি সেঞ্চুরির উল্লাস আর আক্ষেপে কেটেছে। কক্সবাজারে সেঞ্চুরির দেখা পাননি মুমিনুল হক, তবে ঠিকই শতক হাঁকিয়েছেন আব্দুল মজিদ। অন্যদিকে, সিলেটে মাহিদুল ইসলাম অংকনের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা বিভাগ। মিরপুরে সেঞ্চুরির আশা জাগিয়েও ৮৯ রানে আউট হন রাজশাহীর সাকির হোসেন শুভ্র।

আগের দিন ৮৪ রানে অপরাজিত থাকা মুমিনুল হক আজ সকালে সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। বরিশালের বিপক্ষে ১৪৫ বলে ৯২ রান করে পেসার রুয়েল মিয়ার শিকার হন তিনি। মুমিনুলের সেঞ্চুরি মিস হলেও প্রথম ইনিংসে চট্টগ্রাম ৩৫৮ রানের শক্ত পুঁজি গড়েছে। জবাবে বরিশাল দিন শেষ করেছে ২ উইকেটে ১১৫ রান তুলে।

কক্সবাজারের আরেক মাঠে রানের পাহাড় গড়েছে ময়মনসিংহ। প্রথম দিন দুই ওপেনার নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিনের সেঞ্চুরির পর, আজ তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন অভিজ্ঞ আব্দুল মজিদ। ৮ রান নিয়ে দিন শুরু করা মজিদ শেষ পর্যন্ত ১১৯ রানে অপরাজিত থাকেন। তার ব্যাটে ভর করে ময়মনসিংহ ৬ উইকেটে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ১৪ রানেই ২ উইকেট হারিয়েছে।

সিলেটে খাদের কিনারা থেকে ঢাকাকে টেনে তুলেছেন মাহিদুল ইসলাম অংকন। প্রথম দিনে ৫ উইকেটে ১২০ রানে ধুঁকতে থাকা ঢাকা আজ দ্বিতীয় দিনের শুরুতে ১৪০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে সুমন খানকে (৭৪) নিয়ে অষ্টম উইকেটে ১২৫ রানের জুটি গড়েন অংকন। ২৭২ বলে ১২২ রানের ধৈর্যশীল ইনিংস খেলে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ঢাকার ইনিংস থামে ৩১০ রানে। জবাবে সিলেট বিনা উইকেটে ৩৩ রান তুলে দিন শেষ করেছে।

মিরপুরে খুলনার প্রথম ইনিংসে করা ১২১ রানের জবাবে রাজশাহী ২৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেঞ্চুরির আশা জাগিয়েও ৮৯ রানে আউট হন উইকেটকিপার-ব্যাটসম্যান সাকির হোসেন শুভ্র। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুলনা দিন শেষে ১ উইকেটে ৬৮ রান তুলেছে, তবে তারা এখনো ৭৯ রানে পিছিয়ে আছে।

আরও পড়ুন

×