গামিনীকে সংবর্ধনা দেবেন গ্রাউন্ডসম্যানরা
চাকরিচ্যুত বিসিবির কিউরেটর গামিনি ডি সিলভা। ছবি: ক্রিকবাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ২১:৫২
গামিনী ডি সিলভার সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদের সম্পর্ক অনেক বছরের। এই মিরপুরে কাজ করতে করতে একজন তরুণ মাঠকর্মী যেমন গামিনিকে ‘সিনিয়র সিটিজেন’ হতে দেখেছেন, তেমনি তারাও পরিণত হয়েছেন। কেউ কেউ তো মাঠকর্মী থেকে কিউরেটর হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডসম্যান থেকে কিউরেটর হিসেবে নেপাল ক্রিকেট বোর্ডে চাকরি পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
গত ১৫ বছরে কেউ কেউ অন্তর্জাতিক মানের মাঠকর্মী হয়ে উঠেছেন গামিনীর সহচার্যে। সেই মাঠকর্মী বা গ্রাউন্ডসম্যানদের প্রিয় কিউরেটর গামিনি ডি সিলভাকে বিদায় নিতে হচ্ছে পাকাপাকি। বিসিবি চুক্তি বাতিল করায় ১২ নভেম্বর দেশে ফিরে যাবেন এই শ্রীলঙ্কান। যে দেশের ১৫টি বছর প্রধান কিউরেটর হিসেবে চাকরি করলেন সেই বিসিবি থেকে গামিনীকে ঘটা করে বিদায় দেওয়া হবে কিনা জানা নেই। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মীরা প্রিয় স্যারকে (গামিনী) বিদায় দিতে চান সংবর্ধনার মাধ্যমে।
মঙ্গলবার বিসিবির গ্রাউন্ডস বিভাগে নিজেদের ইচ্ছার কথা জানান মাঠকর্মীরা। এই বার্তা গামিনীর কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। বিদায়ী লঙ্কান কিউরেটর সময় দিলেই হবে গ্রান্ডসম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান। বিসিবির একজন কর্মকর্তা সমকালকে এ তথ্যা নিশ্চিত করেন।
২০১০ সালে প্রধান কিউরেটর হিসেবে বিসিবিতে চাকরি নেন গামিনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাজ ভালো করায় চুক্তি নবায়ন করা হয়। দেখতে দেখতে ১৫টি বছর পার করেছেন বাংলাদেশ। এ বছরও জুলাই থেকে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়।
কিন্তু টনি হেমিং টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হয়ে আসায় গামিনীর কপাল পোড়ে। মিরপুর ছেড়ে রাজশাহীতে যেতে হয় তাকে। নতুন মেয়াদে তিন মাস যেতে না যেতেই চুক্তি বাতিল করা হয় ১ নভেম্বর থেকে। গতকাল রাজশাহী থেকে ফিরে বিসিবিতেই ছিলেন তিনি। বিসিবির কাছ থেকে নিজের পাওনা বুঝে বুঝে নিয়ে ঢাকা ছাড়বেন তিনি।
- বিষয় :
- গামিনি ডি সিলভা
- বিসিবি
